সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৭ মে: সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং মৌলবাদী কার্যকলাপ রুখতে কড়া বার্তা দিলেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, “সীমান্ত অঞ্চলে কোনো মৌলবাদী সন্ত্রাসবাদীদের ঠাঁই হবে না। সরকার গঠনের পর বনগাঁ, বাগদা ও দত্তফুলি সীমান্ত এলাকায় নতুন করে নিরাপত্তার ব্যবস্থা করা হবে।”
আমাদের জননেতা শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ককে গুলি করে খুন করার ঘটনার সঙ্গে বিদায়ী শাসক দল তৃণমূলের হাত আছে বলে দাবি করেন অশোকবাবু। তিনি বলেন, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির সুযোগ নিয়ে বিভিন্ন অসামাজিক ও বেআইনি কার্যকলাপ চালিয়েছে তৃণমূল সরকার। নারীপাচার, দুষ্কৃতীদের দেশে ঢুকিকে সন্ত্রাস করা থেকে সাধারণ মানুষের দোকানে ডাকাতি করানো, সহযোগিতা করেছে আগের সরকার। বিজেপি ক্ষমতায় এসেছে, সীমান্তে কড়া নজরদারি, অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ করা হবে বলেও দাবি করেন তিনি। বিধায়কের এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপি কর্মী-সমর্থকদের দাবি, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে কঠোর পদক্ষেপ অত্যন্ত প্রয়োজন। অন্যদিকে বিরোধীরা এই বক্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেও কটাক্ষ করেছে।
আসন্ন রাজনৈতিক পরিস্থিতির মাঝে সীমান্ত নিরাপত্তা ইস্যু যে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তা অশোক কীর্তনীয়ার বক্তব্যেই স্পষ্ট বলে মনে করছে রাজনৈতিক মহল।

