স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১ জুন: একই পরিবারের দুই গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের অশোকপল্লী এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের নাম সুজাতা কর্মকার ও বর্ণালী রায় সরকার। দু’জনের স্বামীই সরকারি স্কুলের শিক্ষক। এরা অশোকপল্লীর পালপাড়াতে একটি বাড়িতে ভাড়া থাকতেন। বুধবার বিকেলে এই বাড়ির একটি ঘর থেকেই দু’জনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে একই পরিবারের দুই গৃহবধূর এই পরিণতি হলো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে।

মৃত এক গৃহবধূর বাড়ির লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে তাদের মেয়ের ওপর অত্যাচার চালাতো তাদের স্বামী। এটা নিছক আত্মহত্যা নয়। তাদের খুন করা হয়েছে বলে অভিযোগ।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন এলাকার কাউন্সিলর স্বাতী মুখার্জি। তিনি বলেন, এমন ঘটনা আগে কখনও ঘটেনি। ঘটনা খুব দুঃখজনক। পুলিশ ঘটনার তদন্ত করছে। তার আগে কিছু বলা সম্ভব নয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার মহঃ সানা আখতার। তিনি বলেন, ময়নাতদন্তের পরই প্রকৃত কারণ উঠে আসবে। তদন্ত শুরু হয়েছে। মৃত দুই গৃহবধূর স্বামী সুমন সরকার ও সুজন সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

