পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ আগস্ট: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সেন্টার-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে ২৪ ও ২৫ আগস্ট দুই দিনের “রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তি কর্মশালা”র আয়োজন করা হয়। কর্মশালাটির মূল উদ্দেশ্য অংশগ্রহণকারীদের ড্রোন প্রযুক্তি, আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV), রোবোটিক্স এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তি সম্পর্কে ব্যবহারিক জ্ঞান ও প্রশিক্ষণ দেওয়া।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের এ.পি.জে. আবদুল কালাম হলে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে চারাগাছে জল প্রদান, জাতীয় সঙ্গীত পরিবেশন, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সম্বর্ধনা এবং কম্পিউটার সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টরের স্বাগত ভাষণে অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর কর্মশালাটির উদ্বোধন করেন এবং উপাচার্য তাঁর বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে এরকম অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগের কর্মশালা ও কোর্সের গুরুত্ব তুলে ধরেন। আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার মূল বক্তব্য রাখেব। এছাড়াও R&D Cell- এর ডিরেক্টর অধ্যাপক অজয় মিশ্র এবং Robozonix-এর প্রতিষ্ঠাতা অনুপ পারালি বক্তব্য রাখেন। উদ্বোধনী অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড: জয়ন্ত কিশোর নন্দী। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে বিবেকানন্দ সভাগৃহের বাইরে ড্রোনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে পুষ্প বর্ষণ করা হয়, যা ড্রোন প্রযুক্তির একটি অভিনব প্রয়োগের দৃষ্টান্ত তুলে ধরে।

প্রথম দিনের কারিগরি পর্বে “ড্রোন ও আনম্যানড এরিয়াল ভেহিকল (UAV)-এর অ্যারোডায়নামিক্সের পরিচিতি” এবং “ড্রোনের বিভিন্ন অংশ সংযোজন ও ইএসসি সোল্ডারিং” বিষয়ের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের জন্য ড্রোন ফ্লাইং সিমুলেশন, ফ্লাইট কন্ট্রোলার ক্যালিব্রেশন ও টিউনিং বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা ছিল। এর পাশাপাশি ড্রোন পরিচালনা, থার্মাল ইমেজিং, লাইভ টেলিমেট্রি সার্ভেইল্যান্স ডেমোনস্ট্রেশন এবং পরিধি পর্যবেক্ষণ পদ্ধতি প্রদর্শন করা হয়। রোবোটিক্স পর্বে সেন্সর, রোবট অ্যাসেম্বলিং এবং জেসচার- কন্ট্রোলড রোবট তৈরি বিষয়ে হাতে- কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
কর্মশালাটি কম্পিউটার সেন্টারের এক্সিকিউটিভ ডিরেক্টরের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। উপদেষ্টা হিসেবে ছিলেন অধ্যাপক মধুমঙ্গল পাল, ডিরেক্টর, IQAC; অধ্যাপক অজয় মিশ্র, ডিরেক্টর, R&D Cell; অধ্যাপক কেশব চন্দ্র মণ্ডল, বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ; এবং অধ্যাপক বিশ্বপতি জানা, বিভাগীয় প্রধান, কম্পিউটার সায়েন্স বিভাগ। কর্মসূচির সমন্বয়কারীরা হলেন দেবকুমার বেরা, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স বিভাগ; দেবায়ন নন্দ, সিস্টেম অ্যানালিস্ট; এবং সৌম্য চক্রবর্তী, Computer Officer, CDOE and PRO (Additional Charge)। কর্মশালার আহ্বায়ক ড: অর্ণব সাধু, সহকারী অধ্যাপক, কম্পিউটার সেন্টার।

এই কর্মশালায় আইআইটি খড়্গপুরের অধ্যাপক দিলীপ কুমার প্রতিহার এবং Robozonix- এর অনুপ পারালি- সহ বিভিন্ন শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ, বিশ্ববিদ্যালয়ের আধিকারিক ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।অংশগ্রহণকারীরা রাজ্যের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, গবেষক, শিক্ষক (মোট প্রায় ৬০ জন)। এই কর্মশালার মাধ্যমে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রোবোটিক্স ও ড্রোন প্রযুক্তির মতো দ্রুত বিকাশশীল ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষা, প্রযুক্তিগত সচেতনতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

