গাইঘাটায় দুই সিভিককে বেঁধে রেখে দুটি সোনার দোকান থেকে চুরি

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা,
৫ ফেব্রুয়ারি: দুই সিভিক ভলান্টিয়ারকে বেঁধে রেখে ২ টি সোনার দোকানে চুরি করে চম্পট দিল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার সুটিয়া বাজারে। একই এলাকার দুটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে। ওই দুই দোকান থেকে দুষ্কৃতীরা কয়েক লক্ষ টাকার জিনিস হাতিয়ে নিয়ে গিয়েছে বলে দোকান মালিকের অভিযোগ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, অন্যান্য দিনের মতো শুক্রবারও সুটিয়া বাজারে রাত পাহারার দায়িত্বে ছিলেন শৈলেন ঘোষ এবং বিশ্বজিৎ মন্ডল নামে দুই সিভিক ভলান্টিয়ার। গভীর রাতে একদল সশস্ত্র দুষ্কৃতী ওই দুই সিভিক ভলান্টিয়ারকে প্রথমে মারধর করে, পরে তাঁদেরকে বেঁধে রেখে দুটি দোকানে চুরি করে। এদিন দুষ্কৃতীরা জওহরলাল রায় খাঁ এবং মিলন রায় নামে দুই ব্যক্তির সোনার দোকানে এই চুরির ঘটনা ঘটায়। দোকানের সার্টার এবং সিন্দুক ভেঙ্গে কয়েক লক্ষ টাকার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সিভিকরা যাতে তাঁদের মোবাইল ফোন থেকে কোথাও যোগাযোগ করতে না পারেন, তারজন্য তাঁদের মোবাইল ফোনগুলিও কেঁড়ে নেওয়া হয়।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আতঙ্ক তৈরি হয়েছে ব্যবসায়ীদের মধ্যেও। ঘটনার প্রতিবাদে রবিবার সকাল থেকে বিকেল ৪ টে পর্যন্ত সুটিয়া বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। পাশাপাশি, দুষ্কৃতীদের গ্রেপ্তার করে খোয়া যাওয়া গয়না উদ্ধারের দাবিতে রাস্তা অবরোধ করারও সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *