সাথী দাস, পুরুলিয়া, ৫ ফেব্রুয়ারি: প্রার্থী না করায় দল ছাড়লেন পুরুলিয়া পুরসভার বিদায়ী পুরপ্রধান তথা জেলা তৃণমূলের সহ সভাপতি শামিম দাদ খান। এর জন্য সরাসরি প্রশান্ত কিশোরের টিমকে দায়ী করে কটাক্ষ করে তিনি জানিয়ে দিলেন তৃণমূল এখন পিকেমূল হয়ে গিয়েছে। আজ নিজের বাড়িতে সংবাদ মাধ্যমের কাছে দলের সমস্ত পদত্যাগ এবং দল থেকে সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়ে দেন তিনি। তিনি ছাড়াও তাঁর ছেলে বিদায়ী বোর্ডের কো-অর্ডিনেটর ও তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক সোহেল দাদ খান এবং যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শাকিল দাদ খান সবাই একই সঙ্গে দল ছাড়লেন তাঁরা।

আক্ষেপের সঙ্গে প্রবীণ শামিম দাদ বলেন, “ছ’বারের কাউন্সিলার, দুবারের ভাইস চেয়ারম্যান এবং একবার চেয়ারম্যান ও প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান ছিলাম। এটা চক্রান্ত হয়েছে আমার পরিবারের সঙ্গে। তবে, আমি দাঁড়াব এবং জিতব।”

