সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৫ ফেব্রুয়ারি, ২৭ফেব্রুয়ারি রাজ্যের ১০৮টি পুরসভার সঙ্গে বাকুঁড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই পৌর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শহরের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ। প্রত্যাশা মতো তালিকা না হওয়ায় এবং সম্ভাব্য প্রার্থীদের নাম বাদ পড়াতেই এই ক্ষোভ। গতকাল সন্ধ্যায় কলকাতার তৃণমূল ভবন থেকে প্রার্থী তালিকা প্রকাশ হয়। দেখা যায় গত পৌরবোর্ডের চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত, ভাইস চেয়ারম্যান দিলীপ আগরওয়াল, কাউন্সিলর অনন্যা চক্রবর্তী বাদ পড়েছেন। নতুন মুখ হিসাবে দুই প্রাক্তন পুরপ্রধান প্রয়াত দেবপ্রসাদ কুন্ডুর বৌমা এবং শান্তি সিংহের পুত্রকে টিকিট দেওয়া হয়েছে।
এদিকে প্রার্থী তালিকা প্রকাশ হতেই ক্ষোভ ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন এলাকায়।অভিমানী কর্মীরা প্রকাশ্যে বিক্ষোভও দেখায়। এমনকি প্রার্থী তালিকা বদলের দাবিতে জেলা তৃণমূল ভবনেও বিক্ষোভ দেখানো হয়। ঐ সময় তৃণমূলের জেলা সভাপতি দিব্যেন্দু সিংহ মহাপাত্র তৃণমূল ভবনে হাজির ছিলেন। তার সামনেই চলে বিক্ষোভ। তিনি বলেন, বাকুঁড়া পুরসভার প্রার্থী তালিকা নিয়ে সাতটি ওয়ার্ডে ক্ষোভ রয়েছে। বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানো হবে।

অপরদিকে প্রথম পর্যায়ে আর এক প্রাক্তন পুরপ্রধান ও প্রাক্তন বিধায়ক শম্পা দরিপার নাম না থাকলেও পরে সংশোধন করে তার নাম তালিকায় যোগ হয়। সেই সূত্রেই প্রার্থী তালিকা বদলের সম্ভাবনা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। বিক্ষুব্ধরা আশাবাদী যে, প্রার্থী তালিকা বদল হবে। একটি সূত্রে জানা গেছে, প্রার্থী তালিকা নিয়ে রাজ্যের পুরসভাগুলিতে ক্ষোভ দেখা দিয়েছে। এই ক্ষোভ সামাল দেওয়া না গেলে ভোটে তার নেতিবাচক প্রভাব পড়তে বাধ্য। আর সেকথা মাথায় রেখে তৃণমূলের রাজ্য দপ্তরে প্রার্থী তালিকা নিয়ে পুনর্বিবেচনা হবে। বিক্ষুদ্ধদের আজ সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রথম সারির জেলা নেতা বলেন, যে প্রার্থী তালিকা তৈরি হয়েছে তা দেখে মনে হচ্ছে সিপিএমের সুবিধা করে দেওয়া হয়েছে। এর ফলে এই পুরসভা হাতছাড়া হওয়ার সমূহ সম্ভাবনা।

