আমাদের ভারত, মালদা, ৫ ফেব্রুয়ারি: আজ সরস্বতী পুজো। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে সারা রাজ্যের সঙ্গে মালদা জেলাও। বিদ্যালয়, কলেজেগুলিতে হচ্ছে পুজো। বিভিন্ন ক্লাব গুলোতেও হচ্ছে পুজো। কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও মানুষের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। তবে ইংরেজবাজার শহরের ৭ নম্বর ওয়ার্ডের গোয়ালটুলি লেনের বিচিত্রা সংঘের পুজো অন্য রকম। মুখে মাস্ক পরে সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোয় মেতে উঠেছে সকলে। পুরোহিত থেকে ঢাকি, ছোট থেকে বড় সকলে মুখে মাস্ক পরে পুজোয় অংশগ্রহণ করেছেন।

বিচিত্রা সংঘের সদস্য দেবজ্যোতি সাহা জানান, এবারে তাদের পুজো ৩৭ তম বর্ষে পা রাখলো। ১৯৮৫ সালে পুজোর শুরু হয়। এবারে তাদের প্রতিমা ১৫ ফুট উচ্চতার।প্রতিবছরই পূজাকে ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান, নর নারায়ণ সেবা হয়ে থাকে। তবে এবার অনুষ্ঠানে কিছুটা কাটছাঁট করা হয়েছে। আগামী দিনে করোনা মুক্ত পৃথিবী গড়ে উঠুক আর সকলের সুস্থ কামনা মায়ের কাছে প্রার্থনা করলেন ক্লাব সদস্যরা।

