জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: ওড়িশা থেকে গাড়িতে করে বস্তা বস্তা গাঁজা নিয়ে আসার সময় বাংলা সীমান্তে দুই পাচারকারীকে গ্রেপ্তার করেছে নারায়ণগড় থানার পুলিশ। ৬০ নম্বর বালেশ্বর-রাণীগঞ্জ জাতীয় সড়কের নারায়ণগড় সংলগ্ন রামপুরার কাছে বিপুল পরিমাণ গাঁজা সহ ওড়িশার ওই দুই বাসিন্দাকে গ্রেফতার করার পর সোমবার মেদিনীপুর আদালতে তোলা হয়। পুলিশ জানিয়েছে, একটি বিশেষ সূত্রে খবর আসে ওড়িশা সীমান্ত পেরিয়ে বিপুল পরিমাণ গাঁজা সহ একটি পিকআপ ভ্যান বাংলায় ঢুকছে। এরপরই জাতীয় সড়কে নজরদারি শুরু হয়। ওড়িশা বাংলা সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে তাদের বামাল গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ সাড়ে ৮৭ কিলোগ্রাম। যার বাজার মূল্য ১২ লক্ষ টাকার কাছাকাছি। ওড়িশা থেকে গাঁজা নিয়ে যাওয়া হচ্ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের একটি ঠিকানায়। স্থানীয় বাজারের পাশাপাশি এই গাঁজা দক্ষিণ ২৪ পরগনার জলপথ হয়ে বাংলাদেশেও পাচার করা হতো বলে মনে করছে পুলিশ। ধৃত ব্যক্তিদের নাম কমল মণ্ডল ও মুকেশ ডিগাল বলে জানা গেলেও তা সঠিক কি না খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশের অনুমান আন্তঃরাজ্য তল্লাশি এড়াতে পিকআপ ভ্যানটি সীমান্ত সংলগ্ন কোনও গ্রামের ভেতর দিয়ে ওড়িশা থেকে বাংলায় ঢুকেছিল। উল্লেখ্য, বাংলায় গাঁজা পাচারের একটা বড় অংশ পশ্চিম মেদিনীপুরের ভেতর দিয়েই হয়ে থাকে।

