আমাদের ভারত, ৭ ফেব্রুয়ারি:সংসদে বাজেট অধিবেশনের জবাবটি ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের তুলোধোনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, মানুষ বারবার তাদের প্রত্যাখ্যান করছে। বারবার ভোটে হেরেছে কংগ্রেস তবুও অহংকার যায়নি তাদের। একইসঙ্গে করোনা পরিস্থিতিকেও কংগ্রেস রাজনৈতিক কারণে ব্যবহার করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী।
মোদী বলেন, “বর্তমানে যেভাবে কংগ্রেস চলছে তাতে স্পষ্ট যে আগামী ১০০ বছরেও তাদের ক্ষমতায় আসার ইচ্ছে নেই।” বাজেট অধিবেশনের জবাবী ভাষণে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেন, একাধিক ভোটে হারার পরেও কংগ্রেসের অহংকার যায়নি । মানুষ যখনই সুযোগ পায় তখনই কংগ্রেসকে আর ফিরতে দেয়না। কটাক্ষের সুরে তিনি বলেন, “ওদের আয়না দেখাবেন না। ওরা আয়না ভেঙে ফেলবে। সমালোচনা গণতন্ত্রের শক্তি রত্ন কিন্তু অন্ধ বিরোধী গণতন্ত্রের অপমান”।
মোদী বলেন, বিভেদমূলক রাজনীতি কংগ্রেসের ডিএনএতে রয়েছে। ওরাই টুকরে টুকরে গ্যাং এর নেতা। করোনা পরিস্থিতি নিয়েও কংগ্রেস রাজনীতি করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, করোনাকেও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সেই সময়ে কংগ্রেস সমস্ত সীমা অতিক্রম করে ফেলেছে। পরিযায়ী শ্রমিকদের ইন্ধন দিয়ে দেশজুড়ে করোনা ছড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি কংগ্রেসের বিরুদ্ধে।
প্রধানমন্ত্রীজহরলাল নেহেরুকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, “দেশের প্রথম প্রধানমন্ত্রী বলেছিলেন কোরিয়ায় কিছু হলে তা এখানে মূল্যবৃদ্ধিতে প্রভাব ফেলবে। ভেবে দেখুন এটা সেই সময়ে কত গুরুত্বপূর্ণ সমস্যা ছিল। কিন্তু আমরা ওদের মতো হাল ছেড়ে দিই না।”

