করোনা আতঙ্ক! মানিকচকের গঙ্গায় ভাসতে দেখা গেল দুটি মৃতদেহ

আমাদের ভারত, মালদা, ৫ জুন: মালদার মানিকচকের গঙ্গা নদীতে ভাসতে দেখা গেল মৃতদেহ। শনিবার সকালে মানিকচকের ভূতনি এলাকার অন্তর্গত কোলাঘাটে গঙ্গা নদীতে দুটি মৃতদেহ ভাসতে দেখে গ্রামবাসীরা। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায়। গ্রামবাসীরা পুলিশ প্রশাসনকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা ভোলানাথ মন্ডল বলেন, এদিন সকালবেলা মৃতদেহ ভাসতে দেখা গিয়েছে গঙ্গা নদীতে।তিনি আরো বলেন, বিহারে যেভাবে গঙ্গা নদীতে মৃতদেহ ফেলে দেওয়া হয়েছে সেই মৃতদেহ এখানে ভেসে আসতে পারে আগে থেকেই আমরা আশঙ্কা করছিলাম। এখন দেখি সেই আশঙ্কাই সত্যি হল। এই ঘটনার পর থেকে নদীতে স্নান করতে নামছে না অনেক গ্রামবাসী।

ওই এলাকায় রাজনৈতিক কাজে যোগ দিতে যাওয়া সিপিএমের মালদার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা বলেন, ভলান্টিয়ারদের কাজ আমরা করছি। সেই কাজ করতেই এদিন এখানে এসেছিলাম। আর তখনই এই ঘটনাটি আমাদের নজরে আসে। প্রশাসনের গোটা বিষয়টি দেখা উচিত।

মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌর চন্দ্র মন্ডল বলেন, এই মৃতদেহ উদ্ধার করে পরীক্ষা করলেই বোঝা যাবে এটা করোনার মৃতদেহ কি না। অনেক সময় সাপে কামড়ালে আরও বিভিন্ন কারণে মৃত্যু হল গঙ্গায় মৃতদেহ ভাসিয়ে দেওয়ার রেওয়াজ রয়েছে। তবে এই মৃতদেহ বিহার থেকে ভেসে এসেছে কি না তা এখনও স্পষ্ট নয়।
এদিকে এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *