ভাটপাড়ায় ব্যাপক বোমাবাজি গুলি, দোকান বাড়ি ভাঙ্গচুর, দুষ্কৃতী তাণ্ডবে আতঙ্কিত মানুষ

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ৫ জুন:
রাতভর দুষ্কৃতী তাণ্ডব ও বোমাবাজির ঘটনায় ফের উত্তেজনা ছড়াল ভাটপাড়া পৌর এলাকায়। জগদ্দল থানার ঢিল ছোড়া দূরত্বে ভাটপাড়া পৌরসভার ১২ নং ওয়ার্ডের অন্তর্গত পালঘাট রোডের পুরানী বাজার এলাকায় শুক্রবার রাতভর বোমাবাজির অভিযোগ উঠেছে এক দল দুষ্কৃতীরা বিরুদ্ধে৷ দুষ্কৃতীরা রাতের অন্ধকারে ওই এলাকায় ১২টি দোকান, বাড়ি ব্যাপক ভাঙ্গচুর করে৷ বোমাবাজির সঙ্গে বেশ কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।

প্রসঙ্গত, ভোট মিটে যাওয়ার পরও নিত্যদিন ভাটপাড়ার বিভিন্ন এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটছে৷ বৃহস্পতিবার রাতে ভাটপাড়া পৌরসভার ১৫ নং ওয়ার্ডের বাসিন্দা বিজেপি নেতা লালবাবু প্রসাদের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা৷ ওই বিজেপি নেতার বাড়ির জানালা লক্ষ্য করে এলোপাথাড়ি গুলিও ছোঁড়ে দুষ্কৃতীরা।

শুক্রবারের ঘটনা সম্পর্কে প্রতক্ষ্যদর্শীরা বলেন যে গভীর রাতে এক দল দুষ্কৃতী এসে আচমকাই হানা দিয়ে প্রথমে মুন্না সাউ নামে এক ব্যবসায়ীর হোটেল ও বাড়ি ভাঙ্গচুর করে। তারপর একে একে এলাকার অন্যান্য বাসিন্দাদের বাড়ি, গাড়ি, টোটো, দোকান ভাঙ্গচুর করে ও বোমাবাজি করে। অভিযোগ ২৫ থেকে ৩০ জনের দুষ্কৃতী দল ওই এলাকার কমপক্ষে ১২ টি বাড়ি ভাঙ্গচুর করেছে।

রোজকার এই দুষ্কৃতী হামলায় আতঙ্কিত এলাকাসী অতিষ্ট হয়ে উঠেছে। দুষ্কৃতী তাণ্ডব যেন নিত্যদিনের ঘটনা হয়ে উঠেছে৷ স্থানীয় বাসিন্দারা পুলিশী নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বলেন, “আমরা সাধারন মানুষ যাকে ভালো লেগেছে ভোট দিয়েছি কিন্তু তার জন্য এই ভাবে রোজ আতঙ্কের মধ্যে বাস করা যায় না। পুলিশের সামনেই চলছে তাণ্ডব। পুলিশ কোনও কাজ করছে না। আমরা বাচ্চা নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবো, আর চলে গেলেও কোথায় যাব কিছু জানি না। পুলিশ প্রশাসনের উচিত দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রন করা।”

এই বোমাবাজি ও ভাঙ্গচুরের খবর পেয়ে আজ সকালে ঘটনাস্থলে পৌঁছায় ভাটপাড়া থানার বিশাল পুলিশ বাহিনী। সেখান থেকে পুলিশ দু’টি তাজা কৌটো বোমা উদ্ধার করেছে। পরিস্থিতি যাতে আরো অগ্নিগর্ভ না হয়ে যায় তাই এলাকায় চলছে পুলিশি টহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *