আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুন: পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের উদ্যোগে এবং মেদিনীপুরের ‘তরুণ কবি’রা সহ একতা সংঘ ও মেদিনীপুর ছাত্র সমাজের যৌথ সহযোগিতায় শহরের নান্নুর চকে একতা সংঘের অনুষ্ঠান হলে কোভিড পরিষেবা কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। অক্সিজেন, ওষুধ, খাবার, অ্যাম্বুলেন্স, পালস অক্সিমিটার, মাস্ক, সহ সমস্ত ধরণের পরিষেবা এখান থেকে পাওয়া যাবে। জানাগেছে, এই পরিষেবা বেশ কিছুদিন আগে শুরু হলেও এতদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। গতকাল সংগঠনগুলির যৌথ উদ্যোগে গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়।

কোভিড পরিষেবার উদ্বোধন সহ রক্তদান শিবিরের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মাহাতো। বিশেষ অতিথি ছিলেন মেদিনীপুর পৌরসভার প্রশাসক তথা খড়গপুর গ্রামীণের বিধায়ক দীনেন রায়। চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আনন্দ গোপাল মাইতি, রামমোহন ব্যানার্জি, অসীম মাইতি ও অন্যান্য কার্যকর্তারা। পশ্চিম মেদিনীপুর জেলা ডিস্ট্রিক্ট চেম্বার অফ কমার্সের সভাপতি চন্দন রায় বলেন, “মহামারি রোধ করতে মানুষের জন্য সাধ্যমতো এই প্রচেষ্টা। সকলের জন্য সমস্ত ধরণের পরিষেবা দেওয়া হবে ‘কোভিড পরিষেবা কেন্দ্র’ থেকে”।

