আমাদের ভারত, কলকাতা, ২৩ জুলাই: অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের ছবির ভিডিও নিয়ে টুইট করলেন বিজেপি-র তিন নেতা।
শনিবার সকাল থেকে সামাজিক মাধ্যমে ভাসছে একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে মঞ্চে রয়েছেন অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে অর্পিতা সঙ্গে কথা বলছেন।
বিজেপি রাজ্য সভাপতি তথা সুকান্ত মজুমদার এই ভিডিও পোস্ট করে লিখেছেন এখানে মমতা ব্যানার্জি পার্থঘনিষ্ঠ অর্পিতার প্রশংসা করছেন। গতকালই অর্পিতার বাড়ি থেকে কুড়ি কোটি টাকা উদ্ধার করেছে ইডি। এর থেকে কি প্রমাণ হচ্ছে না, এই দুর্নীতিতে তাঁরও যোগ রয়েছে? সত্য ধীরে ধীরে প্রকাশ্যে আসছে।
পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লেখেন, “একটি কথা মাত্র। ইয়ে তো বাস ট্রেলার হ্যায়, ছবি আভি বাকি হ্যায়…। একজন ব্যক্তি যদি কাউকে জানার মাধ্যমে অপরাধ করার জন্য দোষী হন, আইনী ঘটনায় তা বর্ণনা করতে “সঙ্গ দোষে দোষী’ হয়ে ওঠে।”
অন্যদিকে, বিজেপি-র তরফে পশ্চিমবঙ্গের সহ পর্যবেক্ষক অমিত মালব্য টুইটারে লেখেন, “খুব বেশি দিন আগের কথা নয়। একটি খোলা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চ্যাটার্জির ঘনিষ্ঠ সহযোগীর প্রশংসা করেছিলেন। তাঁর (অর্পিতার) আবাসন থেকে, ইডি ২০ কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মমতা তাঁর ‘ভালো কাজ’ সম্পর্কে জানতেন। ভুল করবেন না, পার্থ নিজের ইচ্ছায় কেলেঙ্কারী করছিলেন না…।“
প্রসঙ্গত, এসএসসি দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার টালিগঞ্জে অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি টালায় ইডি। ইডি সূত্রে দাবি করা হয়, অর্পিতার ফ্ল্যাটে সেখানে মিলেছে ২১ কোটি টাকা এবং বেশ কয়েকটি মোবাইল। গতকাল কুড়ি কোটি টাকা উদ্ধার হয়, পরে আরো এক কোটি টাকা উদ্ধার হয়েছে। মিলেছে প্রায় ৫০ লক্ষ টাকার অলঙ্কারও। বেলঘরিয়ার দেওয়ানপাড়ায় বাড়ি অর্পিতার। তাঁর মা মিনতি মুখোপাধ্যায় শনিবার জানিয়েছেন, বরাবরই চলচ্চিত্র জগৎ টানত তাঁর মেয়েকে। তাঁর দাবি, ‘‘ও চাকরি পেয়েও চাকরি করতে চায়নি। মেয়ে বাইরেই থাকত। তবে মাঝেমধ্যে বেলঘরিয়ার এই বাড়িতে আসত। সপ্তাহে এক দিন-দু’দিন আসত। ও সিনেমা, সিরিয়াল করেছে। এর পাশাপাশি প্রযোজনা সংস্থার সঙ্গেও যুক্ত ছিল আমার মেয়ে।’’

