আমাদের ভারত, কলকাতা, ২৩ জুলাই: পার্থ কাণ্ডে কুনাল ঘোষের সাফাইয়ে। ব্যাঙ্গাত্মক প্রতিক্রিয়া জানালেন তথাগত রায়। কুনাল ঘোষ দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। তার প্রতিক্রিয়ায় টুইটারে হাসি, কাশি এবং হেঁচকি দিয়ে ব্যঙ্গ করেছেন তথাগত রায়।
তৃণমূলের মহাসচিবের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দলীয় তরফে এখনও বিবৃতি দেওয়া না হলেও দলের মুখপাত্র হিসাবে বক্তব্য রেখেছেন কুণাল ঘোষ। কুণাল টুইটারে লিখেছেন, “ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাদের নাম আসছে, এসংক্রান্ত প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময়ে বক্তব্য জানাবে।“
‘ভীষণ কাশি’, ‘হেঁচকি’, ‘বাপরে’— কথার মধ্যে প্রভৃতি মন্তব্য ও গোটা ৯ হাস্যমুখ (স্মাইলি)-সহ তথাগতবাবু জবাবে টুইটারে লিখেছেন, “অবশ্যই নেই ! পার্থবাবুর দেহসৌষ্ঠব দেখে মোহিত হয়ে সাধারণ মানুষ ওই টাকা প্রণামী হিসাবে দিয়ে গেছেন! তৃণমূল কি করবে! তৃণমূল ধোয়া তুলসী পাতা।”

