স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ ফেব্রুয়ারি: নেশাগ্রস্ত যুবকদের হামলায় আক্রান্ত দ্বাদশ শ্রেণির এক স্কুল ছাত্র। ঘটনাটি শান্তিপুরের বাইগাছি ববি কলোনির।
ওই এলাকার স্কুলছাত্র প্রশান্ত নন্দী বয়স (১৭)। সে শান্তিপুর হিন্দু হাই স্কুলে দ্বাদশ শ্রেণিতে পড়ে। তার অভিযোগ, গতকাল বিকেলে এলাকারই বেশকিছু নেশাগ্রস্ত যুবক তাকে লক্ষ্য করে ইট ছোড়ে। সে প্রতিবাদ করতে গেলে কথা কাটাকাটি হয়, এর পরেই ওই স্কুল ছাত্রের মাথা ইট দিয়ে মেরে ফাটিয়ে দেয়। এছাড়াও ভারি কোনো বস্তু দিয়ে ওই যুবকের শরীরের অন্যান্য অংশে বেধড়ক মারধর করে। এরপর ওই ছাত্রের পরিবারের লোকজন ছুটে আসলে ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় নেশাগ্রস্ত যুবকরা।
আক্রান্ত যুবকের অভিযোগ, ওই নেশাগ্রস্ত যুবকদের বাড়ি তার পাড়াতেই। মাঝেমধ্যেই নেশা করার জন্য তাকে চাপ সৃষ্টি করত ওই যুবকরা। যার কারণে ওই নেশাগ্রস্ত যুবকদের সাথে মেলামেশা ছেড়ে দেয় সে। পড়াশোনা করতে ভালোবাসে প্রশান্ত। তাই সে নেশাগ্রস্ত যুবকদের পাল্লায় না পড়ে পড়াশোনায় ইচ্ছা প্রকাশ করাতে তাকে প্রতিদিনই কটুক্তি করতো ওই নেশাগ্রস্ত যুবকরা। তার প্রতিবাদ করাতেই এই হামলা বলে অনুমান করছেন আক্রান্ত ছাত্রের পরিবার।
গতকাল বিকেলের এই বিষয়ে অভিযোগ করা হয়েছিল শান্তিপুর থানায়, কিন্তু অভিযুক্ত নেশাগ্রস্ত যুবকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মঙ্গলবার আরো একবার শান্তিপুর থানায় বিষয়টি জানানোর জন্য শান্তিপুর থানার দ্বারস্থ হয় আক্রান্ত স্কুল ছাত্রসহ তার পরিবার। তার পরিবারের দাবি, অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ওই নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে, না হলে আগামী দিনে ওই স্কুল ছাত্রের উপরে আবারো হামলা করতে পারে ওই যুবকরা।

