Trump, Hormuz, নিজেদের অভিভাবক ঘোষণা, হরমুজ পার করতে সব দেশের জাহাজের উপর মোটা অঙ্কের কর চাপানোর ঘোষণা ট্রাম্পের

আমাদের ভারত, ১৪ জুলাই: হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী সমস্ত জাহাজকে এবার থেকে ২০ শতাংশ কর দিতে হবে। সোমবার রাতে এমনটাই ঘোষণা করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি এও জানিয়ে দিয়েছেন, কৌশলগত এই জলপথটির নিরাপত্তার দায়িত্বে এখন থেকে থাকবে ওয়াশিংটন। এই করের বোঝা থেকে কোনো দেশকেই মুক্তি দেননি ট্রাম্প।

এই ঘোষণার পর সংশ্লিষ্ট মহল বলছে, আমেরিকা তথা ট্রাম্প ও মোদীর ভালো সম্পর্ক থাকলেও ভারতের পতাকাবাহী জাহাজকেও হরমুজ পার করতে দিতে হবে মোটা অঙ্কের কর। সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, এখন থেকে আমেরিকাই হরমুজ প্রণালীর প্রহরী। বর্তমানে অত্যন্ত অস্থিতিশীল এই অঞ্চলের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব আমেরিকার। সেই দায়িত্ব পালন করতে গেলে অর্থের প্রয়োজন, তাই হরমুজ দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক জাহাজের কাছ থেকে ২০% হারে কর গ্রহণ করা হবে। এই করকে ক্ষতিপূরণ হিসেবে আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। শীঘ্র গোটা প্রক্রিয়া ও পরিকাঠামো চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।

পাশাপাশি ট্রাম্প এও স্পষ্ট করেছেন, হরমুজে ইরান ছাড়া সমস্ত দেশের বাণিজ্য জাহাজ অবাধে সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবে এই শুল্কের বিনিময়ে। ইরানের কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহার করতে দেওয়া হবে না। শুধুমাত্র তেহরানের বিরুদ্ধে অবরোধ পুনরায় চালু করা হচ্ছে।

সম্প্রতি এক মার্কিন সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্পকে বলতে শোনা গিয়েছিল, আমরা প্রণালীটি নিজেদের নিয়ন্ত্রণে রাখবো। সম্ভবত আমরাই এটা চালাবো। আমরা হরমুজের অভিভাবক হয়ে উঠবো। আর এর জন্য আমাদের ক্ষতিপূরণ পাওয়া উচিত। আর এই মন্তব্যের পরেই হরমুজে কর বসানোর কথা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি। এই ঘোষণার পর আবার পেট্রো পণ্যের মূল্যবৃদ্ধির সম্ভাবনা প্রবল হয়ে গেল বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *