আমাদের ভারত, ১৬ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ক্ষীরাই অঞ্চলে জোরকদমে জনসংযোগে নেমেছে তৃণমূল কংগ্রেস। “আসুক বাধা, আসুক তুফান, আসুক যতই ঝড়— বাংলার স্বার্থে লড়ে যাব ঠিক, নেই কো ভয়ডর”—এই বার্তাকে সামনে রেখে বুথে বুথে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ গড়ে তুলছেন দলের প্রার্থী অজিত মাইতি।

বুধবার দিনভর ক্ষীরাই অঞ্চলের বিভিন্ন বুথে জনসংযোগ কর্মসূচি এবং পথসভা অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা, চাহিদা ও মতামত শোনেন প্রার্থী নিজে। এলাকায় উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যও তুলে ধরা হয় সভায়।

দলের কর্মী-সমর্থকদের উপস্থিতিতে পথসভাগুলি ছিল উৎসবমুখর। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কেড়েছে। “ঘরের ছেলে” হিসেবে পরিচিত অজিত মাইতি এলাকার মানুষের কাছে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার করেন এবং সকলকে ঐক্যবদ্ধভাবে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।

রাজনৈতিক মহলের মতে, এই ধরনের নিবিড় জনসংযোগ কর্মসূচি নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করে তুলবে এবং ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

