TMC, Keshpur, কেশপুরে তৃণমূল প্রার্থী শিউলি সাহার জোরদার প্রচার, জনসংযোগে সাড়া

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১৫ নম্বর অঞ্চলে তৃণমূল কংগ্রেস প্রার্থী শিউলি সাহার সমর্থনে জোরকদমে প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হলো। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে এই প্রচারে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ১৫ নম্বর অঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করেন প্রার্থী শিউলি সাহা। বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান। পাশাপাশি, আগামী দিনে কেশপুরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তাঁর পরিকল্পনার কথাও তুলে ধরেন।

প্রচারে অংশ নেন এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ও কর্মীরা। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই প্রচার কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রার্থী শিউলি সাহা জানান, “মানুষের ভালোবাসা ও সমর্থনই আমাদের শক্তি। কেশপুরের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আশাবাদী, আগামী নির্বাচনে কেশপুরের মানুষ উন্নয়নের পক্ষে রায় দেবেন।

এই প্রচার কর্মসূচি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *