গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৬ এপ্রিল: তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত খানাকুল। এই ঘটনায় দু’পক্ষের ৫ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটে খানাকুলের চিংড়া এলাকায়। যদিও এই ঘটনায় উভয় পক্ষই একে-অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। এই ঘটনার পর বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষের নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা খানাকুল থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায়।
অন্যদিকে দোষীদরে গ্রেপ্তার না করলে তৃণমূলও রাস্তায় নামার হুঁশিয়ারি দিয়েছে। তৃণমূলের অভিযোগ, কুমারচক এলাকার বাসিন্দা দুই তৃণমূল কর্মী রাতে দলের কাজ সেরে বাড়ি ফিরছিলেন। রাস্তায় বিজেপি কর্মীরা তাঁদের পথ আটকে বেধড়ক মারধর করে। তাঁদের উদ্ধার করে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে খানাকুলের তৃণমূল প্রার্থী পলাশ রায় হাসপাতালে যান। সেখান থেকে জখম দুই কর্মীকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
তৃণমূল প্রার্থীর অভিযোগ, খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ এই গুণ্ডামির নেতৃত্ব দিচ্ছে। প্রশাসন দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে আমরা প্রতিবাদে রাস্তায় নামব।
যদিও পাল্টা বিজেপির অভিযোগ, তাদের তিনজন কর্মী রাতে বাড়ি ফিরছিল। তখন তৃণমূলের দুষ্কৃতিরা এই মারধরের ঘটনা ঘটিয়েছে। জখম কর্মীদের খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাতেই হাসপাতালে যান বিজেপি প্রার্থী। সেখান থেকে কর্মীদের নিয়ে থানার সামনে গিয়ে বিক্ষোভ দেখান।

