সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ অক্টোবর: মহত্মাগান্ধী জাতীয় কর্মনিশ্চয়তা প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ উঠল তৃণমূলের এক যুব নেতার বিরুদ্ধে। প্রতিবাদে টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ বিজেপি সহ গ্রামবাসীর। শনিবার সকালে ঘটনাটি ঘটে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুর গ্রাম পঞ্চায়েতে। তৃণমূলের ওই যুবনেতার নাম তরুণ পাল।

স্থানীয় ও বিজেপির অভিযোগ, তৃণমূলের যুব নেতা তরুণ পাল আকাইপুর হুদার বাসিন্দা। ওই গ্রামের বাসিন্দা সন্ধ্যা বৈদ্যর থেকে মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পে কলা চাষের নামে ১ লক্ষ ৬৯ হাজার ১৪৪ টাকা আত্মসাৎ করেছে। সন্ধ্যা বৈদ্যে জানান, তরুণ পাল সরকারি অনুদান পাইয়ে দেওয়ার নাম করে কয়েক মাস আগে তার কাছ থেকে সাদা কাগজে সই করিয়ে নেয়। পরবর্তীতে তিনি জানতে পারেন তরুণ তার নামে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা প্রকল্পের ১ লক্ষ ৬৯ হাজার ১৪৪ টাকা তুলে আত্মসাৎ করেছে। সম্প্রতি বিষয়টি তিনি জানতে পেরে আকাইপুর গ্রাম পঞ্চায়েত এবং গোপালনগর থানায় অভিযোগ জানান। কিন্তু কোনো লাভ না হওয়ায় বিজেপি নেতাদের লিখিত ভাবে জানান। আর এই দুর্নীতির প্রতিবাদে শনিবার দুপুরে আকাইপুর রেল গেটের কাছে রাস্তায় টায়ার জ্বালিয়ে চলে অবরোধ।
বিজেপির পঞ্চায়েত সদস্য আকাশ ঘোষ বলেন, শুধু একটা প্রকল্পে নয়, আকাইপুর পঞ্চায়েতে এমন ভুরি ভুরি দুর্নীতি হয়েছে। আজ সন্ধ্যা বৈদ্য জানতে পেরে অভিযোগ জানিয়েছে। এমন কত গ্রামবাসীর নামে টাকা তুলেছে তার কোনো হদিস নেই। গোপালনগর থানায় জানালেও, থানা কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে এই অবরোধ। প্রায় আধ ঘন্টার মত চলে এই অবরোধ। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত তরুণ পাল।

