সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২২ অক্টোবর: মোবাইল হয় চুরি হয়ে গিয়েছিল। নয়তো হারিয়ে গিয়েছিল। এমন ২১টি মোবাইল ও চুরি হয়ে যাওয়া তিনটি বাইক উদ্ধার করেছিল পুলিশ। এমন মোবাইল ও বাইক তাদের প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিল উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার পুলিশ। শনিবার সকালে গোপালনগর থানায় এক অনুষ্ঠানে মধ্যে দিয়ে মোবাইল ও বাইকগুলি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়। ওই মোবাইলগুলির অনেকগুলো আবার ভিনরাজ্য থেকে উদ্ধার করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়ীতা বসু।

পুলিশ সুপারের দাবি, মোবাইল ও বাইক চুরি বা হারিয়ে যাওয়ার পর অভিযোগ দায়ের হলে তা সাইবার সেলে পাঠিয়ে দেওয়া হয়। তারপর সেগুলিকে ‘ট্র্যাক’ করে খুঁজে বার করার প্রক্রিয়া শুরু হয়। এই কাজ করতে গিয়ে কিছু মোবাইলের খোঁজ ভিনরাজ্যে পাওয়া গিয়েছে। তারপর সেগুলিকেও উদ্ধার করে আনা হয়। পুলিশ সুপার জয়ীতা বসু বলেন, আমি ধন্যবাদ জানাই গোপালনগর থানার পুরো টিমকে। আগামী দিনেও সাধারণ মানুষের জন্য এমন ভাবে কাজ করবে পুলিশ। পুলিশের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছে মোবাইল ও বাইক ফেরত পাওয়া মালিকরা।

