বহিরাগত প্রার্থী তৃণমূলের, ক্ষোভ বাড়ছে উলুবেড়িয়ায়

আমাদের ভারত, হাওড়া, ৬ মার্চ: দলের নেতা কর্মীদের একাংশের আবেদন উপেক্ষা করে তৃণমূল নেতৃত্ব উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে প্রাক্তন ফুটবলার বিদেশ বসুকে প্রার্থী করায় শুক্রবার থেকেই উত্তাল হয়েছে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা। বহিরাগত প্রার্থীর পরিবর্তে ভূমিপুত্রের দাবিতে শুক্রবার রাত থেকেই দফায় দফায় বিক্ষোভে সামিল হয়েছে তৃণমূলের নেতা কর্মীরা। এমনকি শুক্রবার বিকেলে বিদেশ বসুর সমর্থনে লেখা দেওয়াল রাতে মুছে ফেলা হয়। পরে শনিবার একই দাবিতে পুনরায় রাস্তায় নামে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা।

শুক্রবার তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর এই তালিকা প্রকাশের পর রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বহিরাগত প্রার্থী নিয়ে অসন্তোষ দেখা দিয়েছিল তৃণমূল নেতাকর্মীদের একাংশের মধ্যে। ভূমিপুত্রের দাবি, দলের শীর্ষ নেতৃত্ব তা অগ্রাহ্য করায় সন্ধ্যের পর থেকেই বিক্ষোভে সামিল হয় তৃণমূল কর্মীরা। একাধিক জায়গায় রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধের সামিল হয় তৃণমূল কর্মীরা। রাতে বিক্ষোভ কিছুটা বন্ধ থাকলেও শনিবার বিকেল থেকে পুনরায় বহিরাগত প্রার্থীর পরিবর্তে ভূমিপুত্র প্রার্থীর দাবিতে রাস্তায় নামে তৃণমূল নেতা কর্মীদের একাংশ। এদিন বিকেলে উলুবেড়িয়া স্টেশন থেকে প্রতিবাদ মিছিল বের হয় এবং উলুবেড়িয়া শহর পরিক্রমা করে। মিছিলে হাজার খানেক তৃণমূল কর্মীর পাশাপাশি একদিকে যেমন উলুবেড়িয়া পুরসভার বিদায়ী ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান ছিলেন, অন্যদিকে সেইরকম একাধিক ওয়ার্ডের কো-অর্ডিনেটর ছিলেন। এদিনের এই প্রতিবাদ মিছিল থেকে অবিলম্বে বহিরাগত প্রার্থীর পরিবর্তে ভূমিপুত্রের দাবি জানানো হয়।

দলের কর্মীদের ক্ষোভ প্রসঙ্গে আব্বাস উদ্দিন খান জানান, ২০১১ সাল থেকে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রে বহিরাগত প্রার্থী দেওয়া, হচ্ছে। দুইবার আমরা সেটা মেনে নিলেও এবারে অনেক আগে থেকেই আমরা দলীয় নেতৃত্বের কাছে ভূমিপুত্রের দাবি জানিয়েছিলাম। যদিও দলের শীর্ষ নেতৃত্ব আমাদের দাবিকে মান্যতা না দেওয়ায় এই বিক্ষোভ।

অন্যদিকে দলীয় কর্মীদের বিক্ষোভ সম্পর্কে তৃণমূল প্রার্থী বিদেশ বসু জানান, আমি বিষয়টি শুনেছি। তবে এটা সাময়িক, সব ঠিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *