দীনেশ ত্রিবেদীকে অকৃতজ্ঞ, নির্লজ্জ বললেন সৌগত রায়

আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ মার্চ: প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর বিজেপিতে যোগদানকে তীব্র কটাক্ষ করলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং মদন মিত্র।

উত্তর ২৪ পরগনার কামারহাটিতে দলীয় কর্মসূচিতে উপস্থিত হয়ে সাংসদ সৌগত রায় বলেন, “দীনেশ ত্রিবেদী একজন অকৃতজ্ঞ, নির্লজ্জ মানুষ। গত ১৬ বছর ধরে তৃণমূল কংগ্রেসের থেকে লোকসভা, রাজ্যসভায় গিয়ে শেষ পর্যন্ত লোভে পড়ে দল পাল্টেছে, ও বাজে মানুষ। যেভাবে তৃণমূলের বদনাম করছে, পরবর্তী সময়ে একই ভাবে বিজেপিরও বদনাম করবে। ও স্বার্থপর মানুষ। ওর সঙ্গে একটাও ভোট নেই। এবার হেরে গিয়েছে। ওর দল ছেড়ে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না।”

কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র কর্মিসভায় এসে সাংবাদিকদের বলেন,”দীনেশ ত্রিবেদী চলে যাওয়ায় দলে কোনও প্রভাব পড়বে না। ও চলে গেছে শুনছি, তবে তাতে আমার কোথাও ব্যথা অনুভব হচ্ছে না। বিড়ালের বাচ্চার ৭২ ঘন্টা পর চোখ ফোটে, ও আর মানুষের পর্যায়ে নেই। অনেকের চোখ ফুটতে অনেক সময় লেগে যায়, ওর ও ধরে নিন একই অবস্থা।” মদন মিত্র আরও বলেন, “বিজেপি পার্টিটা আগামীদিনে উঠে যাবে। কারণ যে সমস্ত “মালগুলো” সেখানে যাচ্ছে দুদিন পরেই বিজেপি টের পাবে এরা কী জিনিস। তৃণমূল কংগ্রেসের এটো উচ্ছিষ্টগুলো বেরিয়ে যাচ্ছে। এই পচা মালগুলো এতদিন তৃণমূলের সঙ্গে ছিল, ওপর থেকে বোঝা যায়নি। তৃণমূলে এখন কোনও ভাইরাস নেই, ক্যান্সার নেই। তৃণমূল কংগ্রেস ক্যান্সারমুক্ত। এই জন্য ভগবানকে ধন্যবাদ। ২৯১ টা আসনের প্রার্থী একদিনে ঘোষণা করে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছে বিরাট কোহলির বিকল্প যেমন বিরাট কোহলি, শচীন এর বিকল্প যেমন শচীন, তেমনি মমতার বিকল্প মমতাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *