সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ মে: বিজেপির বিজয় মিছিলে অংশগ্রহণ করে মাইকে স্লোগান দেওয়ার জেরেই এক যুবকের উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠল তৃণমূলের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার বাগদার বাজিতপুর এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত কৌশিক মোদককে গ্রেফতার করেছে পুলিশ।
আহত যুবকের নাম ভূপেন হালদার। পরিবারের অভিযোগ, সম্প্রতি বিজেপির বিজয় মিছিলে সক্রিয়ভাবে অংশ নিয়ে মাইকে স্লোগান দিয়েছিলেন তিনি। সেই আক্রোশ থেকেই বৃহস্পতিবার রাতে তার উপর হামলা চালানো হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে খেলা দেখে একাই বাড়ি ফিরছিলেন ভূপেন। সেই সময় বাজিতপুর বাজার এলাকায় তাকে একা পেয়ে ধারালো অস্ত্র হাতে তাড়া করে অভিযুক্ত কৌশিক মোদক। অভিযোগ, এরপর মাথা ও ঘাড় লক্ষ্য করে এলোপাতাড়ি কোপ মারা হয়। গুরুতর জখম অবস্থায় কোনওক্রমে বাড়িতে পৌঁছালে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর।
আহতের পরিবারের দাবি, বিজেপি করায় পরিকল্পিতভাবে ভূপেনকে খুনের উদ্দেশ্যে আক্রমণ করা হয়েছে। ঘটনায় এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
অন্যদিকে, ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করে এবং দ্রুত অভিযুক্ত কৌশিক মোদককে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

