অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২১ ডিসেম্বর: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েত বিজেপির হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। আজ পাথরা পঞ্চায়েতের নতুন প্রধান নির্বাচিত হলেন তৃণমূল কংগ্রেসের চঞ্চল মাহাতো।
মঙ্গলবার বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতোর উপস্থিতিতে সংখ্যা গরিষ্ঠ দল হিসাবে তৃণমূলের চঞ্চল মাহাতকে প্রধান নির্বাচিত করা হয়। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েতের ৯ টি আসনের মধ্যে বিজেপি ৮ টি আসন দখল করে এবং তৃণমূল কংগ্রেস পায় ১ টি আসন। যার ফলে পাথরা অঞ্চলের ক্ষমতা দখল করে বিজেপি। তবে এলাকায় সেভাবে কোনও উন্নয়ন করতে পারেনি বিজেপি। তাই বিজেপির চারজন পঞ্চায়েত সদস্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তাই বিজেপির প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনে তৃণমূল।

অনাস্থা ভোটে প্রধানকে অপসারিত করা হয়। বিজেপির কোনও সদস্য না আসায় তৃণমূলের চঞ্চল মাহাতো প্রধান নির্বাচিত হয়। এর পর বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো ও ব্লক সভাপতি কমল কান্ত রাউতের নেতৃত্বে এলাকায় মিছিল হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন, ব্লকের সহ সভাপতি অনুপ মাহাত সহ তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী সমর্থক।
বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো বলেন, বিজেপি পরিচালিত প্রধান পাথরা অঞ্চলের কোনও উন্নয়নের কাজ করেনি। তাই নবনির্বাচিত প্রধান চঞ্চল মাহাতো এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করবে। তিনি তাদের পাশে থাকবেন বলে আশ্বাস দেন। যার ফলে সাঁকরাইল ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে নটি গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করল তৃণমূল।

