হলদিয়ার ইন্ডিয়ান অয়েল রিফাইনারিতে বড়সড় দুর্ঘটনা, মৃত ৩, আহত ৪৪

আমাদের ভারত, হলদিয়া, ২১ ডিসেম্বর: হলদিয়ার ইন্ডিয়ান অয়েল রিফাইনারিতে আজ, মঙ্গলবার দুপুরে সাটডাউনের কাজ চলার সময় বড়সড় দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মারা যায় তিন জন শ্রমিক। আহত হয়েছেন ৪৪ জন। আহতদের মধ্যে ৭-৮জনের আঘাত গুরুতর। অধিকাংশ শ্রমিকের দেহ পুড়ে গিয়েছে আগুনে। বেশ কয়েকজন উপর থেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। আহত অধিকাংশ শ্রমিককে কলকাতায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আহতদের তিনজনকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে দু’জনকে আবার কলকাতায় পাঠানো হয়েছে।

হলদিয়ার ইন্ডিয়ান অয়েল রিফাইনারির ডিএইচডিএস ব্লকে মোটর স্পিরিট অর্থাৎ পেট্রোল তৈরির ইউনিটের একটি কলামে ওয়েল্ডিং করার কাজ চলছিল। কাজ চলার সময় অগ্নিকাণ্ড ঘটে। দমকলের একটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর ২টো ৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৪৪ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয় ও উপর থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হয়েছেন। এদের মধ্যে ৭-৮জনের অবস্থা অশঙ্কা জনক। দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে বলে ইন্ডিয়ান অয়েল রিফাইনারি সূত্রে জানা গেছে। জখমদের ইন্ডিয়ান অয়েল ও বন্দরের হাসপাতালে চিকিৎসা করা হয়। গুরুতর আহতদের কলকাতায় পাঠানো হয়েছে। হলদিয়া থেকে গ্রিন করিডোর করে আহতদের কলকাতায় পাঠানো হয়েছে। কলকাতার কয়েকটি বেসরকারি সুপার স্পেশালিটি হসপিটালে চিকিৎসা চলছে আহতদের।

দুর্ঘটনার খবর পেয়ে জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাজি, হলদিয়া পুরসভার চেয়ারম্যান সুধাংশু মন্ডল সহ অনেকেই হলদিয়া রিফাইনারি প্ল্যান্টে আসেন। দুর্ঘটনাগ্রস্তদের খোঁজখবর নেন। আজ সকালে হলদিয়া রিফাইনারির মধ্যে মক ড্রিল করা হয়েছে দুপুর সাড়ে বারোটা নাগাদ। নির্বিঘ্নেই এই মক ড্রিল শেষ হয়। তার ঘন্টাখানেক পরেই এই দুর্ঘটনা ঘটে। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, কতটা সাবধানতা অবলম্বন করে কাজ চলছিল সেই সব তদন্ত করে দেখা হবে বলে ইন্ডিয়ান অয়েল সূত্রে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *