আমাদের ভারত, ২১ ডিসেম্বর: কলকাতা পুরভোটের ফলাফল প্রকাশের পর সাংবাদিক বৈঠকে গোটা নির্বাচন প্রক্রিয়াকেই আবার প্রহোসন বলে তোপ লাগলেন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তার কথায় কলকাতার মানুষ একটি ভুয়া ভোট দেখল এবং এই ভুয়ো ভোট থেকে তৈরি হল কতকগুলো ভুয়া কাউন্সিলর।
কলকাতা পুরোভোটে রেকর্ড গড়ে জয়লাভ করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। কিন্তু বিরোধীরা বার বার এই নির্বাচনকে প্রহসন বলে সোচ্চার হয়েছেন। বুথে বুথে ছাপ্পা ভোটের অভিযোগ করেছেন। এমনকি ভোটের দিন একাধিক হিংসাত্মক ঘটনা ঘটার অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে। আজ ফল প্রকাশের এই ভোটকে ভুয়ো ভোট ও ভোটে জয়ী কাউন্সিলারদের ভুয়ো কাউন্সিলর বলে তোপ দেগেছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। দলের জয়ী প্রার্থী মীনাদেবী পুরোহিতের প্রসঙ্গও এদিন আবার তিনি তুলে ধরেন। একই সঙ্গে মীনাদেবীকে তাঁর ওয়ার্ডের পরাজিত তৃণমূল প্রার্থী অভব্য ভাষায় আক্রমণ করেছেন বলেও অভিযোগ করেন। তিনি বলেন, “আমাদের প্রার্থী মীনাদেবী পুরোহিতের বিপরীতে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি হেরেছেন। তিনি তার সুমধুর বানী মীনাদেবীকে উদ্দেশ্য বর্ষিত করেছেন। আমরা তাঁকে আশীর্বাদ হিসেবেই নিচ্ছি। এই ধরনের আক্রমণ প্রতিদিন আমাদের উপর নেমে আসছে। ভোটের দিন তো মীনাদেবীকে শারীরিকভাবে হেনস্থা করা হয়েছে।”
পুরসভার নির্বাচন নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে যা বোঝায় যেটাকে আপনারা ভোট বলেন, আমরা সেটাকে ভোট বলছি না, ওটা ভোটের মতো কিছু একটা হয়েছিল কিন্তু ভোট নয়। আমরা নির্বাচনের দিনেই বলেছিলাম ভুয়ো ভোট হয়েছে এবং যারা তৈরি হলেন তাঁরা আর কিছুই নয় ভুয়ো কাউন্সিলর।”

