স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৮ মার্চ: রান্নার গ্যাসের লাগামহীন মূল্য বৃদ্ধি এবং প্রায় প্রতি নিয়ত পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। এর আগেও একাধিকবার প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। আজ সর্বভারতীয় তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব তৃণাঙ্কুর ভট্টাচার্যের নির্দেশে
জেলাজুড়ে চলছে ছাত্রদের অবস্থান-বিক্ষোভ।

এই বিক্ষোভে সামিল হয়েছিলেন শান্তিপুর কলেজের অধ্যাপক তথা তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ড: প্রসেনজিৎ মন্ডল। তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ ছিল, ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে বিভিন্ন স্কুল-কলেজে উপস্থিতির সংখ্যা ছিল চোখে পড়ার মতো। তবে আজকের বনধ কোনভাবেই সাধারণ মানুষ মেনে নেননি। আন্দোলন আমরাও করি তবে সর্বনাশা বনধ করে নয়।

নদিয়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি রূপম পাল জানান, ছাত্র-ছাত্রীরা দীর্ঘদিন ধরেই মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিভিন্ন সময়ে সরব হয়েছে। এতেও যদি কেন্দ্রীয় সরকার কর্ণপাত না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর গণআন্দোলন গড়ে উঠবে। যার উত্তাপ পৌঁছাবে দিল্লি পর্যন্ত।

