মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রায়গঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার চার দুষ্কৃতি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৮ মার্চ: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলার সদর শহর রায়গঞ্জ থানার পুলিশও ব্যাপক তৎপর হয়েছে। পুলিশের এই তৎপরতায় রবিবার আগ্নেয়াস্ত্রসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

রায়গঞ্জ ব্লকের কাচিমুহা গ্রামের সাবির আলী (২৩) নামে এক সমাজ বিরোধীকে ২টি সিঙ্গেল শট ইম্প্রোভাইজড আগ্নেয়াস্ত্র এবং একটি ৩০৩ পিস্তল সহ গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, সে একজন অস্ত্র ব্যবসায়ী। পাশাপাশি, সঞ্জিত সাহা (২৯) নামে অপর এক দুষ্কৃতিকে রায়গঞ্জ শহরের পশ্চিম বীরনগর থেকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।

অন্যদিকে, নোয়াপাড়ার সুভাষ বর্মন (২৩) নামে এক যুবককে কাঞ্চনপল্লী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

রায়গঞ্জের পাশাপাশি ইটাহারেও গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যক্তিকে গ্রেফতার করল ইটাহার থানার পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইটাহার থানার পুলিশ ইটাহার থানার অন্তর্গত দুর্গাপুর অঞ্চলের অভিনগর এলাকার বাসিন্দা সুভাষ বর্মন (৪০) কে গ্রেপ্তার করে। পুলিশ হানা দিয়ে ধৃতের ঘর থেকে একটি পাইপ গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতদের সোমবার রায়গঞ্জ জেলা আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *