ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বনধে পূর্ব মেদিনীপুরে সেভাবে সাড়া নেই

আমাদের ভারত পূর্ব মেদিনীপুর, ২৮ মার্চ : দশটি ট্রেড ইউনিয়নের ডাকে ভারত বনধের প্রভাব খুব একটা পড়েনি পূর্ব মেদিনীপুর জেলায়। হলদিয়া শিল্প শহর সহ সারা জেলাতেই পরিবহন এবং ব্যাঙ্ক ছাড়া অন্যান্য প্রায় সমস্ত কিছু সচল ছিল। তবে এবারের বনধে জেলাসদর তমলুক সহ বেশ কিছু জায়গায় বনধের সমর্থনে পথ অবরোধ এবং বিক্ষোভ হয়েছে। তবে সমস্ত জায়গাতেই পুলিশ গিয়ে বনধ সমর্থনকারীদের হঠিয়ে দিয়ে অবরোধ মুক্ত করেছে।

পূর্ব মেদিনীপুরের শিল্পশহর হলদিয়া শিল্পাঞ্চলে ব্যাঙ্ক ও পোস্ট অফিস ছাড়া অধিকাংশ সরকারি অফিস এবং শিল্প সংস্থাগুলিতে কাজ চালু ছিল। শিল্প সংস্থা এবং সরকারি অফিসগুলি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মীর উপস্থিতির হার ভালই ছিল। বেসরকারি এবং সরকারি বাস প্রয়োজনের তুলনায় অনেকটা কম রাস্তায় নামলেও ট্রেন চলাচল সচল ছিল। বিজেপি এবং তৃণমূল কংগ্রেস জেলার বিভিন্ন জায়গায় বনধের বিরুদ্ধে গতকাল মিছিল করেছে। আজ সকাল থেকেই বনধের সমর্থনে বিভিন্ন জায়গায় পথ অবরোধে নামে বাম এবং এসইউসিআই কর্মী-সমর্থকরা। কয়েকটি জায়গায় বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পরে পুলিশ এসে সেই অবরোধ সরিয়ে দেয়। রাস্তায় অন্যান্য দিনের তুলনায় গণপরিবহন কম থাকলেও একেবারে বন্ধ হয়নি যান চলাচল।

তমলুক জেলা সদরসহ বিভিন্ন জায়গায় সরকারি অফিস-আদালতের পাশাপাশি স্কুল কলেজ খোলা আছে। তবে সর্বত্রই ব্যাঙ্ক এবং পোস্ট অফিস বন্ধ ছিল। বনধের ফলে অবশ্য তমলুকের জেলা ও মহকুমা আদালতের কাজ বন্ধ ছিল। তমলুক পৌরসভা, সরকারি অফিস এবং স্কুল কলেজ খোলা থাকায় রাস্তাঘাটে মানুষজন অন্য দিনের মতোই স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। ফলে জেলায় বনধের সেভাবে প্রভাব পড়েনি বললেই চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *