জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর: পেট্রোল- ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, অন্যান্য পেট্রোপন্যের আকাশ ছোঁয়া দামের প্রতিবাদে এবং কৃষিবিল প্রত্যাহারের দাবিতে সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বাজারে তৃণমূলের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এদিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের স্থানীয় নেতা কর্মীরা।
ডেবরা বাজার সংলগ্ন এলাকার ফ্লাইওভারের নীচে সমবেত নেতা কর্মী সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন। অন্যান্য নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী হুমায়ূন কবির, সীতেশ ধাড়া, প্রদীপ কর। বিক্ষোভ কর্মসূচি থেকে কৃষি বিল প্রত্যাহার, পেট্রোল ডিজেল সহ অন্যান্য পেট্রোলিয়ামজাত দ্রব্যের মূল্য হ্রাস করার দাবি তোলা হয়।

