সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ মে: দলে থেকে দলের সঙ্গে গদ্দারি করার অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতির সভাপতির ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনাটি উত্তর ২৪ পরগনার বাগদা বিধানসভা এলাকায়। অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় দলে থেকে দলের সঙ্গে বেইমানি করেছেন।
এদিন কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক গোপা রায়ের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, গোপা রায় আর বর্সিয়ান নেতা তরুণ ঘোষের বিরুদ্ধে।

তৃণমূলের প্রাক্তন উপ প্রধান কিশোরী ঘোষ বলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায় আর সহ সভাপতি তরুণ ঘোষ দলে থেকে রাতের অন্ধকারে বিজেপি প্রার্থী বিশ্বজিত দাসের সঙ্গে যোগসাজশ করে তৃণমূল প্রার্থী পরিতোষ সাহাকে হারিয়েছে। এর প্রতিবাদের আজ বাগদার কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক পঞ্চায়ের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেয়ায়। তাদের দাবি, গোপা রায় ও তরুণ ঘোষকে অভিলম্বে দল থেকে বহিষ্কার করতে হবে। না হলে এই আন্দোলন চলবে।
যদিও এই অভিযোগ অস্বীকার করে গোপা রায় বলেন, আমি দলের হয়ে প্রচুর খেটেছি। বিশ্বজিত দাস এক সময় আমাদের দলের বিধায়ক ছিল। যেদিন সে দল ছাড়ে সেই দিন থেকে তার সঙ্গে কোনও সম্পর্ক রাখিনি। এছাড়া আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের জন্য কালী মন্দিরে মানত করেছি। আমি দলের সঙ্গে কোনও বেইমানি করিনি যারা অভিযোগ করছে আদৌও তারা তৃণমূল কর্মী কি না সেটাও জানার দরকার আছে।


