রাজেন রায়, কলকাতা, ৩ মে: নন্দীগ্রামের ফলাফল যাই হোক না কেন, বুধবারই তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে তাঁর বাড়িতে সাংবাদিক বৈঠক ডেকে স্পষ্ট ইঙ্গিত দিয়েছিলেন তিনি। বিকেলে পরিষদীয় দলের বৈঠকে সেটাই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
পরিষদীয় দলের বৈঠকের পর পার্থবাবু ঘোষণা করেন, আগামী ৫ মে শপথ গ্রহণ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে তিনি একাই শপথ নেবেন। তার পর ৬ মে থেকে বিধানসভা প্রোটেম স্পিকার নির্বাচিত করে বিভিন্ন দলে ভাগ করে বিধায়কদের শপথগ্রহণ শুরু হবে।
রবিবার ভোটের ফলপ্রকাশের পর থেকে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত ভাবে হিংসার ঘটনা শুরু হয়ে গিয়েছে। সে প্রসঙ্গে এদিন দুপুরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “পুলিশ কর্তাদেরই পরিস্থিতি সামলাতে হবে। আপাতত দুটো দিন তো আমার কিছু করার নেই…।” এ বারের শপথ অনুষ্ঠানে আড়ম্বর বিশেষ হবে না। বিধানসভা ভোটে বিপুল সাফল্যের উদযাপন হবে কোভিডের ঝড় থেমে যাওয়ার পর। তখন ব্রিগেডে সমাবেশ হবে। অন্য আঞ্চলিক দলের নেতারাও সেখানে আসবেন।
তৃণমূল সূত্রে খবর, আপাতত গোটা মন্ত্রিসভা শপথ নাও নিতে পারে। রাজভবনে মুখ্যমন্ত্রী ছাড়াও হাতে গোনা কয়েকজন বড়জোর শপথ নিতে পারেন। পরে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হতে পারে।

