TMC, Bagda, মাদক পাচারের অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্য আরব শেখ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৯ জুন: মাদক পাচার, ভোট সন্ত্রাস, সহ তোলাবাজির অভিযোগে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার বাগদা থানার অন্তর্গত আশারু গ্রাম পঞ্চায়েতের বাসঘাটা গ্রামের ২৩৯ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য আরব শেখ। সোমবার রাতে বাগদা থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠছিল আরব শেখের বিরুদ্ধে। গোপন সূত্রে খবর পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে এবং সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় সূত্রে দাবি, আরব শেখ এলাকার একজন সক্রিয় তৃণমূল নেতা হিসেবেও পরিচিত। তাঁর গ্রেফতারের ঘটনায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধীদের অভিযোগ, এলাকার যুব সমাজকে বিপথে ঠেলে দেওয়ার পিছনে মাদক চক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং প্রশাসনের আরও কঠোর পদক্ষেপ করা উচিত।

এদিকে, আরব শেখের ভাই আলম শেখের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, তাঁর খোঁজে তল্লাশি চলছে। ঘটনাকে কেন্দ্র করে বাসঘাটা গ্রামসহ আশপাশের এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। তবে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে পেশ করা হবে এবং মাদক পাচার চক্রের সঙ্গে তার যোগসূত্র খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে নজরে রাখা হয়েছে বলেও সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *