আমাদের ভারত, রামপুরহাট, ৭ জুন: স্কুলের ঘর দখল করে মজুত করা হয়েছে জমির ধান। গ্রামবাসীদের কাছ থেকে এমনই অভিযোগ পেয়ে স্কুলে গিয়ে সমস্ত ধান বের করলেন বিডিও। চাপে পড়ে নিজের ভুল স্বীকার করে নিয়েছেন নন্দীগ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূলের জাইকুল শেখ। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই ২ নম্বর ব্লকের নন্দীগ্রাম পঞ্চায়েতের মুখলিশপুর জুনিয়র হাইস্কুলে।
ওই স্কুলে পাঁচটি কক্ষ রয়েছে। একজন অতিথি শিক্ষক। শুধুমাত্র অফিস ঘর ছাড়া সব কক্ষ হাট হয়ে খোলা থেকে। সেই সুযোগকে কাজে লাগিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য জাইকুল দুটো ঘরে ধান বোঝাই করে তালা ঝুলিয়ে দেন। দীর্ঘদিন ধরে প্রভাব খটিয়ে তিনি এভাবেই চালাচ্ছিলেন। এনিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামের একাংশ। তারা সোমবার বিডিওর কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগকারী আকবর আলি, দেলু শেখরা বলেন,
“জাইকুল দোতলা এবং একতলার দুটি রুম দখল করে ধান রাখছে দীর্ঘদিন ধরে। ফলে স্কুলের পঠন পঠন শিকেয় উঠেছে”। গ্রামবাসীদের অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে স্কুল হাজির হন বিডিও মহম্মদ নাজির হোসেন ও স্কুল পরিদর্শক মেহবুব হোসেন। বিডিওর চাপে পড়ে ধান সরিয়ে নেন জাইকুল শেখ। তিনি বলেন, “ভুল হয়ে গিয়েছে। এই ভুল আর হবে না”।
বিডিও মহাম্মদ নাজির হোসেন বলেন,”অভিযোগ পেয়েই স্কুল পরিদর্শনে গিয়েছিলাম। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই সদস্যকে দিয়ে সমস্ত ধান সরিয়ে নিতে বাধ্য করেছি। স্কুল খালি করা হয়েছে। স্কুলে প্রাচীর নেই। তাই সুযোগ বুঝে সদস্য নিজে তালা কিনে ধান রাখতে শুরু করেছিল। কিন্তু এটা অন্যায়”।

