‘তৃণমূল গুন্ডাদের দলের মতো,’ মণিপুরের মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারীর

আমাদের ভারত, ১ এপ্রিল: ত্রিপুরায় তৃণমূলের একমাত্র কাউন্সিলরকে বিজেপি-তে আনার জন্য মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানালেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং।

টুইটারে এন বীরেন সিং লিখেছেন, “শুভকামনা মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের উত্তর-পূর্ব রাজ্যগুলিতে টিএমসি গুন্ডাদের অনুমতি দেওয়া উচিত নয়! তৃণমূল রাজনৈতিক দলের মতো কাজ করছে না। তারা গুন্ডাদের দলের মতো। বাংলায় বিজেপির কত নিরীহ কর্মকর্তাকে হত্যা ও নির্যাতন করা হয়েছে? নির্লজ্জ!“

এই মন্তব্যকে স্বাগত জানিয়ে প্রতিক্রিয়ায় পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টুইটারে লিখেছেন, “পশ্চিমবঙ্গের কর্মকর্তাদের দুর্দশার প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকে অনেক ধন্যবাদ। আপনার মত নেতারা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করলে আমরা শক্তিশালী বোধ করি।“

প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসের ত্রিপুরা পুরসভা ভোটে বহু কষ্টে একটি মাত্র ঘাসফুল ফুটেছিল সে রাজ্যে। কিন্তু এবার পদ্ম ঝড়ে মুড়িয়ে গেল তাও। বৃহস্পতিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন আমপুর পুর পরিষদের তৃণমূলের একমাত্র সদস্য তথা কাউন্সিলর সুমন পাল। ফলে ত্রিপুরা কার্যতই ঘাসফুল শূন্য হয়ে পড়ল। বৃহস্পতিবার সেরাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে সাক্ষাৎ করেন ওই তৃণমূল নেতা। তারপরই দলবদল। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা যুবনেতা সুশান্ত চৌধুরীও। এহেন ঘটনায় যে প্রভূত অস্বস্তিতে বাংলার শাসক দল তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *