মতুয়াদের ধর্মমেলায় যোগ দিতে ঠাকুরনগরে আসছেন রাজ্যপাল

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগনা, ১ এপ্রিল: বারুণী মেলায় যোগদান দিতে চলেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। আজ বিকাল সাড়ে চারটে নাগাদ তিনি ঠাকুরনগরে আসবেন বলে জানিয়েছেন মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি তথা বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর।

ঠাকুরবাড়ির সূত্রে খবর, মতুয়া মহাসঙ্ঘের তরফে আমন্ত্রণ জানানো হয়েছিল রাজ্যপাল জগদীপ ধনককে। সেই আমন্ত্রণ রক্ষা করতে শুক্রবার বিকেলে মতুয়া মেলায় যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। মতুয়া ঠাকুরবাড়ির মন্দির পরিদর্শনের পর এদিন শান্তনু ঠাকুরের সঙ্গেও দেখা করবেন রাজ্যপাল। ঠাকুরবাড়িতে রাজ্যপালের সমাগম ঘিরে এদিন সকাল থেকে হৈচৈ ঠাকুরনগর সহ গোটা উত্তর ২৪ পরগনা জেলাতে। শান্তনু ঠাকুর বিজেপিতে যোগদানের পর থেকেই পৃথকভাবে বারুণী মেলার আয়োজন করা হচ্ছিল। একপক্ষের উদ্যোক্তা ছিলেন শান্তনু ঠাকুর। অপরপক্ষের উদ্যোক্তা মমতাবালা ঠাকুর। কিন্তু এবার সব দ্বন্দ্ব-বিভেদ ভুলে গিয়ে একইসঙ্গে মেলার আয়োজন করা হয়েছে।

এদিন শান্তনু ঠাকুরের দাদা সুব্রত ঠাকুর বলেন, মেলা কমিটির পক্ষ থেকে রাজ্যপাল জগদীপ ধনকর মহাশয়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। মতুয়াদের ডাকে সাড়া দিয়ে তিনি এই মেলায় যোগ দেবন বলে জানিয়েছেন। এটা মতুয়াদের গর্বের জায়গা।

অন্য দিকে মতুয়া মহা সঙ্ঘের অন্য তম মতুয়া মহাসঙ্ঘের সভাধিপতি মমতাবালা ঠাকুর বলেন, ঠাকুরনগরে যদি রাজ্যপাল আসেন তাহলে খুবই আনন্দের কথা। মতুয়া মেলায় তিনি অংশ নেবেন এটা মতুয়া সমাজের কাছে অন্য রকম বার্তা। এটা ধর্মীয় মেলা, এটা কোনও রাজনৈতিক জায়গা নয়। বিভিন্ন সময়ে এই মেলাই অনেকে অনেক ভাবে রাজনীতি করতে এসেছে। আমার দলের পক্ষ থেকে মতুয়া মেলার জন্য একদিন সরকারি ছুটি ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এটা বড় পাওনা। এই মেলায় যে কেউ আসতে পারে। রাজ্যপাল একজন সন্মানীয় ব্যক্তি। তাঁকে অবশ্যই স্বাগত জানাবেন মতুয়া ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *