আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ:
উত্তর ২৪ পরগনার নিমতায় ৮৫ বছরের বৃদ্ধার মৃত্যুর ঘটনাটাকে সম্পূর্ন পারিবারিক ঘটনা বলেন জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর দাবি, “এটার সঙ্গে কোনও রাজনৈতিক সম্পর্ক নেই, আর ক’দিন অপেক্ষা করুন দেখবেন ওই পরিবারের লোকেরাই সত্যিটা বলবেন। বিজেপির পক্ষে কাজ করে এরকম কিছু মিডিয়া ওই ঘটনাকে নিয়ে হইচই করছে।”
সোমবার রাতে হাবড়ায় প্রচার শেষে বাড়ি ফেরার পথে সাংবাদিকদের জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, নিমতায় বৃদ্ধার মৃত্যুর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নেই। আমি নিজে ওখানকার তৃণমূল নেতৃত্বের সঙ্গে এবং ওই পরিবারের একজনের সঙ্গে কথা বলেছি। সেখানে রাজনীতির কোনও বিষয়ই নেই।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে উত্তর দমদমের নিমতার বাসিন্দা গোপাল মজুমদার ও তাঁর ৭০ বছর বয়সী বৃদ্ধা মা শুভ্রা মজুমদারকে মারধর করেছিল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা, এমনই অভিযোগ ছিল বিজেপির। এই ঘটনার পর জখম গোপালের মা শুভ্রা মজুমদারকে হাসপাতালে ভর্তি করা হয়। মাসখানেক হাসপাতালে থাকার পর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। চিকিৎসারত অবস্থায় সোমবার সকালে শুভ্রা মজুমদারের মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছে মৃতের পরিবারের সদস্যরা।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইট করেছেন, ফেসবুকে তিনি লিখেছেন, তৃণমূল গুন্ডাদের হাতে নৃশংসভাবে মার খেয়ে বাংলার মেয়ে শোভা মজুমদারের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর পরিবারের কষ্ট এবং ক্ষত মমতা দিদিকে দীর্ঘদিন তাড়া করবে। বাংলাকে হিংসা মুক্ত করতে এবং আমাদের মাবোনদের জন্য নিরাপদ রাজ্য করতে বাংলা লড়বে।
অমিত শাহর টুইট প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, অমিত শাহ এখন এমন হয়ে গেছে যে, কেউ বেশি প্রস্রাব করলে বা কারুর পেট খারাপ হলেও ট্যুইট করছে। আমার মাঝে মাঝে সন্দেহ হয় উনি কি দেশের না গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী?”

