আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ:
“হাবড়ায় এখনো অনেক উন্নয়নের কাজ বাকি আছে। সেই অসমাপ্ত কাজ সম্পন্ন করার জন্য ভগবান সুস্থ করে আবার আপনাদের সেবার কাজে পাঠিয়েছেন। হাবড়া বিধানসভার পুরো এলাকাকে আমি আমার সন্তানের মতো ভালোবেসে বুকে আগলে রেখেছি। গত দশ বছরে আমি আপনার এলাকায় কি উন্নয়নের কাজ করেছি তার মূল্যায়ন আপনারাই করবেন। আমি আশাবাদী এলাকার উন্নয়নের লক্ষে আবার আপনারা আমাকে ভোটে জেতাবেন। ” সোমবার বিকালে হাবড়া বিধানসভা এলাকার কুমড়ো কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে গিয়ে ছোট ছোট সভা করে ভোট প্রচারের পাশাপাশি এই কথাই বললেন হাবড়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।
তিনি বলেন, আমি পরিযায়ী পাখি নই। ভোট আসলেই এলাকায় আসবো। যখন দেখবেন বিজেপি, সিপিএম ও কংগ্রেস নেতারা আপনার এলাকায়, তখন বুঝবেন ভোট এসে গেছে। গত দশ বছরে সপ্তাহে ৬ দিনই আমি গুরুত্বপূর্ণ মন্ত্রীর দপ্তর সামলেও আপনার এলাকায় পড়ে থাকি। সারা বছর আপনাদের সুখ, দুঃখের ভাগীদার হয়ে ছিলাম। আপনারা যখনই আমাকে যে কাজে ডেকেছেন আমি এসেছি। কোভিড, লকডাউন ও আমফানের পিরিয়ডে আমি আপনাদের জন্য বাস্তবে কি করেছি আপনারাই বলবেন। তখন আপানারা কাকে পাশে পেয়েছিলেন? বিজেপির কোনও পরিযায়ী নেতাকে? না কি আমাকে? আপনারাই বিচার করবেন। হাবড়াকে উন্নয়নের নিরিখে আধুনিক মানের শহর গড়ে তুলব আমি। ২৪ ঘণ্টা পানীয় জল থেকে জল নিকাশি ব্যবস্থার কাজ চলছে ইতিমধ্যেই।”

পাশাপাশি কোভিড নিয়েও মানুষকে সতর্ক করছেন। বলছেন, “সকলে একটু সাবধানে থাকুন। কোভিড বাড়ছে। মুখে মাস্ক ও পকেটে স্যানিটাইজার রাখুন। কারন, কোভিড আক্রান্ত হলে যে কি শারীরিক কষ্ট সেটা আমি বুঝেছি। বেঁচে ফিরবো কিনা ঠিক ছিল না।”

