রাহুল সিনহা’কে প্রচারে বাধা, গো ব্যাক স্লোগান ঘিরে উত্তেজনা উত্তর ২৪ পরগনার হাবড়ার নালন্দা এলাকায়

আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৩০ মার্চ:
উত্তর ২৪ পরগনার হাবড়া পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নালন্দা মোড় এলাকায় ভোট চাইতে গিয়ে সাফাই কর্মীদের বিক্ষোভের মুখে রাহুল সিনহা। আজ হাবড়া পৌরসভার সাফাই কর্মীদের অফিসে ভোট চাইতে গিয়েছিলেন রাহুল সিনহা। সেই সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় সাফাই কর্মীরা।

বিজেপি প্রার্থী রাহুল সিনহা জানান, “সকালে ওই এলাকায় চা খেতে এসেছিলাম সে সময় পাশে থাকা সাফাই কর্মীদের অফিসে ভোট চাইতে গিয়ে ছিলাম। তখন ওরা শ্লোগান দিতে শুরু করে। ওদের শ্লোগান শুনে বসে পড়ি।” পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, “সাফাই কর্মীদের কাজ ছেড়ে তাদের দিয়ে দলীয় কাজ করাচ্ছে তৃণমূল, আজকের এই ঘটনা তার প্রমাণ। যাদের নগর পরিষ্কার করার কথা তারা তৃণমূলের হয়ে শ্লোগান দিচ্ছে। এভাবে কি পৌর প্রশাসন চলে? ২রা মের পর প্রশাসন আমাদের হাতে আসবে, আমরা সব সুশৃঙ্খল ভাবে পরিচালনা করব।”

পরে হাবড়া থানার বিশাল পুলিশবাহিনী ও র‍্যাফ এসে পরিস্থতি সামলায়। রাহুল সিনহা এলাকা থেকে চলে যাওয়ার পর সাফাই কর্মীদের তরফে যেখানে রাহুলবাবু বসে ছিলেন সেই চেয়ার ও তৎসংলগ্ন এলাকা গঙ্গাজল ও ফিনাইল দিয়ে শুদ্ধ করা হয়। এমনকী চায়ের দোকান ও সাফাই কর্মীদের অফিসও শুদ্ধি করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *