আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ নভেম্বর:
রবিবার খড়্গপুর শহরে এসে মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষ অভিযোগ করেন, খড়গপুর শহরে দুষ্কৃতীদের নিয়ে অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে তৃণমূলের একাংশ। তৃণমূলের আগে খড়্গপুর শহরে নির্বাচন জিতেছে অনৈতিক ভাবে পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে।
দিলীপ ঘোষের এই অভিযোগ খারিজ করে খড়গপুর পৌরসভার প্রশাসক প্রদীপ সরকার পাল্টা অভিযোগ করে বলেন, খড়্গপুরে বিগত যে দুটি নির্বাচন হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস কোনও রকম অনৈতিকভাবে জেতেনি। বিজেপির পক্ষ থেকে বরং রেলমন্ত্রীকে এনে এবং
ডিআরএমকে ব্যবহার করে লোকসভা নির্বাচন সহ খড়গপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীদের জেতানো হয়েছে। কিন্তু আমরা বিশ্বাস করি, খড়্গপুরের মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। কয়েকদিন আগে মহিলা তৃণমূল কংগ্রেসের মিছিলে ৫ থেকে ১০ হাজার মানুষ হেঁটেছলেন। তার থেকে স্পষ্ট হয় গত বিধানসভা নির্বাচনে তৃণমূলকে হারানো হয়েছে মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে।
প্রদীপ সরকার প্রশ্ন তোলেন, খড়গপুর শহরে বিগত দিনে তিন বছর বিধায়ক হিসেবে এবং বর্তমানে এমপি হিসেবে কাজ করছেন দিলীপ ঘোষ। কিন্তু তিনি কি কি কাজ করেছেন শহরের মানুষ তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। দিলীপ ঘোষের তোলা দুষ্কৃতীদের দ্বারা অপরাধমূলক ঘটনা ঘটার অভিযোগের জবাবে প্রদীপ সরকার বলেন, গত দু-তিন মাস খড়্গপুর শহরে কোনওরকম অপরাধ হয়নি। দুই-একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে মাত্র। খড়্গপুরের মানুষ আমাদের সঙ্গে রয়েছে। আগামী পৌরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসই খড়্গপুরে বোর্ড গঠন করবে।

