দেড়শ বছর পূর্তি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে চায় মেদিনীপুর কলেজ 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ নভেম্বর: স্বশাসিত মেদিনীপুর কলেজের সার্ধশত বর্ষের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার হাত দিয়েই অনুষ্ঠানের সূচনা করতে চাইছেন কলেজ কর্তৃপক্ষ। আগামী বছরের জানুয়ারি মাসে দেড়শ বছরে পা রাখতে চলেছে এই কলেজ। কলেজ কর্তৃপক্ষ চাইছেন ১৮৭৩ সালের ৩০ জানুয়ারি শুরু হওয়া বিপ্লবীদের স্মৃতিধন্য এই কলেজের অনুষ্ঠানে আসুন মুখ্যমন্ত্রী।

সার্ধশতবর্ষ উদযাপন অনুষ্ঠান বিষয়ক বৈঠকের পর কলেজের অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরা জানান, অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যশালী এই শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী স্বয়ং। এই মর্মে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবারের গুরুত্বপূর্ণ বৈঠকে ছিলেন অবিভক্ত মেদিনীপুরের তিন মন্ত্রী সৌমেন মহাপাত্র, শ্রীকান্ত মাহাতো ও মানস ভুঁইঞা। ছিলেন বিধায়ক দিনেন রায় ও জুন জুন মালিয়া। স্বাধীনতা সংগ্রামীদের পীঠস্থান হিসেবে পরিচিত মেদিনীপুর কলেজে একদা বিপ্লবী দীনেশ গুপ্ত, প্রদ্যোৎ ভট্টাচার্য, মৃগেন্দ্র নাথ দত্ত, নির্মল জীবন ঘোষ ও ব্রজকিশোর চক্রবর্তীসহ একগুচ্ছ বিপ্লবীদের আঁতুড়ঘর ছিল। শিক্ষা ও গবেষণা ক্ষেত্রেও এই কলেজ এশিয়া মহাদেশে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ন্যাকের বিচারে শ্রেষ্ঠ এই কলেজ স্বশাসিত স্বীকৃতিও পেয়েছে। ইউজিসি দিয়েছে হেরিটেজের মর্যাদা। দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর কলেজের সার্ধশতবর্ষের অনুষ্ঠান চলবে এক বছর ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *