কালিয়াগঞ্জ পুরসভার তিনবারের জয়ী কাউন্সিলর বাবলু বিশ্বাসকে প্রার্থী করেনি তৃণমূল, নির্দল প্রার্থী হয়ে শাসক দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৩ ফেব্রুয়ারি: কালিয়াগঞ্জ পুরসভার তিনবারের জয়ী কাউন্সিলর বাবলু বিশ্বাসকে এবারে প্রার্থী করেনি তৃণমূল। জনপ্রিয় এই কাউন্সিলর বাবলু বিশ্বাস মানুষকে পরিষেবা দিতে নির্দল হিসেবে দাঁড়িয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই প্রতিদ্বন্দ্বীতা করছেন। পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের এই নির্দল প্রার্থী বাবলু বিশ্বাসকে নিয়েই ব্যাপক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল ও বিজেপির মধ্যে। তবে জয় নিয়ে একেবারে নিশ্চিত নির্দল প্রার্থী বাবলু বিশ্বাস পৌঁছে যাচ্ছেন মানুষের দুয়ারে দুয়ারে ভোটের আবেদন নিয়ে।

২০০৫ সাল থেকে কালিয়াগঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড থেকে মানুষের ভোটে জয়ী হয়ে আসছেন বাবলু বিশ্বাস। অত্যন্ত জনপ্রিয় এই নেতা পরবর্তীতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েও দুবার জয়ী হয়ে কালিয়াগঞ্জ পুরসভার কাউন্সিলর হয়েছেন। বিপদে আপদে সুখে দুঃখে সদা সর্বদা ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা কাছে পেয়েছেন কাউন্সিলর বাবলু বিশ্বাসকে। শাসক দলের অত্যন্ত জনপ্রিয় এই কাউন্সিলর বাবলু বিশ্বাসকে এবারে প্রার্থী করেনি তৃণমূল। ফলে এলাকার বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে মানুষের পরিষেবা দিতে নির্দল প্রার্থী হিসেবে কালিয়াগঞ্জ পুরভোটে প্রতিদ্বন্দ্বীতা করছেন বাবলু বিশ্বাস।

বিজেপির কালিয়াগঞ্জ শহর প্রচার কমিটির বিজেপির সম্পাদক তারিণীকান্ত রায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস দখলদারির রাজত্ব চালানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু কালিয়াগঞ্জের মানুষ তা হতে দেবে না। তৃণমূল কংগ্রেস কাউন্সিলর বাবলু বিশ্বাস নির্দল হিসেবে দাঁড়ানোয় বিজেপিরই সুবিধা হবে।

এদিকে নির্দল প্রার্থী বাবলু বিশ্বাস জানিয়েছেন, আমাকে প্রথমে বলা হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল যে দল টিকিট দেয়নি। ফলে এলাকার মানুষের দাবি মেনে আমি নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছি। আশা মানুষ আমাকেই ভোট দিয়ে জয়ী করবেন।

অন্যদিকে তৃণমূলের প্রার্থী মনোজ কুমার সরকার বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নিরিখে সাধারণ মানুষ ভোট দেবে। তিনি প্রার্থী নন, সমস্ত ওয়ার্ডেই প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। তাই জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *