সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ১৩ ফেব্রুয়ারি: জেলা জুড়ে পোস্ত চাষকে কেন্দ্র করে মাদক কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে। এই বেআইনি কারবার বন্ধ করতে জেলাপ্রশাসন তথা আবগারী বিভাগ কড়া পদক্ষেপ করেছে।
বাকুঁড়া জেলার বড়জোড়ার দামোদর নদের মানাচর সহ মেজিয়া, সোনামুখীর দুর্গম এলাকায় পোস্ত চাষের রমরমা। নদীচরের জঙ্গল ঘেরা দুর্গম এলাকায় পুলিশ-আবগারী বিভাগের আনাগোনা কম বলে মাদক কারবারীরা এই এলাকাগুলিকে পোস্ত চাষের জন্য বেছে নিয়েছে। এই সব এলাকায় নজরদারি চালাতে আবগারী বিভাগ এখন ড্রোন এর সাহায্য নিয়েছে।ড্রোন এর সাহায্য অতি সহজেই সন্ধান মিলছে এবং তারপরই অভিযান চালিয়ে বিঘার পর বিঘার জমিতে পোস্ত চাষ নষ্ট করে দেওয়া হচ্ছে।
চলতি সপ্তাহের শুরুতেই অভিযান চালিয়ে বাঁকুড়া জেলা আবগারি দপ্তর মেজিয়া থানার অধীনে থাকা দামোদর নদের মানাচর এলাকায় প্রায় সাড়ে ৬ কোটি টাকার বেশি অবৈধ পোস্ত গাছ নষ্ট করেছিল। মেজিয়ার পর শনিবার বড়জোড়া ব্লকের পিংরুই মৌজার ন’পাড়া মানাচরে ৭০ বিঘা জমির প্রায় ১০ লাখ পোস্ত গাছ রোটার মেশিন চালিয়ে ভেঙ্গে দেয়। দামোদরের দুর্গাপুর ব্যারেজ থেকে স্পিড বোটে করে আবগারি দপ্তরের আধিকারিকরা বড়জোড়া থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী ও বিডিওকে সাথে নিয়ে দুর্গম মানাচরে পৌঁছান।

জেলা আবগারি দপ্তরের ডেপুটি এক্সাইজ কালেক্টর বিশ্বজিৎ ভক্ত বলেন, আমরা দামোদর নদের মেজিয়া থেকে সোনামুখী ব্লক পর্যন্ত ড্রোনের সাহায্য নিয়ে অনুসন্ধান চালাই। তারপরই অবৈধ পোস্ত চাষের হদিস পাই। তিনি বলেন, এদিন ৭০ বিঘা জমিতে যে পোস্ত গাছ নষ্ট করা হয়েছে এখান থেকে কোটি টাকার বেশি নিষিদ্ধ মাদক তৈরি হত। আরো অনেক জমিতে এই অবৈধ পোস্ত চাষ হয়েছে তা আমরা চিহ্নিত করতে পেরেছি। সেই পোস্ত জমিও ভাঙা হবে বলে তিনি জানান।

