শান্তিপুরে ৩ নম্বর ওয়ার্ডে পানীয় জলের পাইপ ফেটে তিন দিন ধরে জলমগ্ন গোটা পাড়া, ভোটে ব্যস্ত জনপ্রতিনিধিরা

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ ফেব্রুয়ারি: বৃষ্টি কমে গেলেও জলে টইটুম্বুর শান্তিপুর শহরের ৩ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হক রোডের পাশের খরজেলা মাঠ এবং সেই এলাকায় ঢোকার প্রধান গলি। এলাকাবাসীর দাবি, রাস্তার পাশে লোহার যন্ত্রাংশ বিক্রির একটি দোকানে মাল তোলা নামানোর জন্য আসা লরির চাকায় চাপে জল সরবরাহের প্রধান পাইপটি ফেটে যায়। তিন দিন ধরে খবর দেওয়া সত্ত্বেও, নেওয়া হয়নি পৌরসভা থেকে কোনো ব্যবস্থা। ফলে জলে ভাসছে এলাকা।

যদিও ওই দোকান মালিক জানান, তাদের দোকান বন্ধ অবস্থায় লরি আসলেও, খোলা অবস্থায় কোনো লরি আসে না। পাইপ ফেটে যাওরার এলাকার প্রায় ৭০টি বাড়ি পানীয়জল বিহীন অবস্থায় রয়েছে। প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের উদ্দেশ্যে জল সংরক্ষণের জন্য সরকারি বিধি নিষেধ এবং সচেতনতা বার্তা শোনা গেলেও খোদ পৌরসভার উদাসীনতায় তিন দিন ধরে অপচয় হচ্ছে জল, তাও আবার পানীয় জল। এলাকাবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন চারিদিকে ভোট উৎসবে মেতেছে সকলে, নাগরিক পরিষেবা দেওয়ার মানসিকতা নেই কারোর তাই হয়তো এই উদাসীনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *