স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৩ ফেব্রুয়ারি: তৃণমূলের বিরুদ্ধে জোর লড়াই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্ত্রীর।আশ্বাস দিয়েও শেষ মুহূর্তে টিকিট না পেয়ে অবশেষে জোড়া ফুলের বিরুদ্ধে জোড়া পাতায় ভোটের ময়দানে নামলেন রানাঘাট পৌরসভার ১ নঃ ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শংকর অধিকারীর স্ত্রী দীপ্তি অধিকারী।
বাড়ি বাড়ি প্রচারে গিয়ে ভালোই সাড়া পাচ্ছেন তিনি। রানাঘাট শহরের ১ নঃ ওয়ার্ডের একাধিক বারের কাউন্সিলর ছিলেন শংকর অধিকারী। কংগ্রেসের প্রতীকে জয়ী হয়ে তৃণমূলে যোগ দেন তিনি।শংকরবাবুর আক্ষেপ দল তাকে ভোটের ময়দানে লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলেও একদম শেষ মূহূর্তে তাঁর স্ত্রীর নাম বাদ দিয়ে অন্য এক প্রাক্তন কাউন্সিলরকে টিকিট দিয়ে দেয়। এলাকার প্রচুর মানুষের আবেদনে তিনি নির্দল প্রার্থী হিসাবে স্ত্রী দীপ্তি অধিকারীকে ভোটে দাঁড় করিয়েছেন।

স্ত্রীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন। বয়স্কদের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন।আশির্বাদ চাইছেন। নির্দল প্রার্থী দীপ্তি অধিকারীর বক্তব্য, যিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তিনি শেষ ৭ বছরে ৭ মিনিটের জন্যও দলের মিটিং মিছিলে অংশ নেননি, অথচ তাকেই টিকিট দেওয়া হলো। আর যিনি লকডাউনের সময় ওয়ার্ডের মানুষের পাশে থেকে বয়স্ক, বিধবাদের নিয়ে নানা সামাজিক কাজ করে, মানুষের পাশে দিন রাত ছিলেন তাঁকে টিকিট দেওয়া হলো না।

