আমাদের ভারত, ৭ নভেম্বর: রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি মোকাবিলা করতে ব্যর্থ তৃণমূল সরকার। তাই পরিস্থিতি বুঝতে রাজ্যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধির দল পাঠানোর আর্জি জানিয়ে কেন্দ্র স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মানসুখ মান্ধব্যকে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় ডেঙ্গি পরিস্থিতি ভয়ংকর চেহারা নিয়েছে। কিছুদিন আগেই কলকাতা পুরসভা অভিযান করেছিল বিজেপি যুব মোর্চা। রাজ্য সরকার ডেঙ্গি মোকাবিলায় ব্যর্থ বলে সরব হয়েছে বিজেপি। এই প্রেক্ষাপটেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে বিরোধী দলনেতার এই চিঠি নয়া মাত্রা যোগ করল। কারণ শুভেন্দুর এই চিঠি রাজনৈতিক দিক থেকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
শুভেন্দু চিঠিতে লিখেছেন, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি পরিস্থিতি তৈরি হয়েছে। মশার দাপটে রাজ্যবাসী অতিষ্ঠ। তিন মাস ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে। কলকাতা, উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ জেলার পরিস্থিতির কথাও চিঠিতে তুলে ধরেছেন শুভেন্দু।
ডেঙ্গিতে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা উদ্বেগ তৈরি করেছে বলে উল্লেখ করেছেন শুভেন্দুবাবু চিঠিতে। তিনি লিখেছেন, রাজ্যের দেউলিয়া সরকার পরিস্থিতি মোকাবিলায় উপযুক্ত ব্যবস্থা নেয়নি। চলতি বছরে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এছাড়াও শুভেন্দু লিখেছেন, ডেঙ্গিতে মৃত্যুর পরিসংখ্যান জানাচ্ছে না রাজ্য সরকার। একই সঙ্গে ডেথ সার্টিফিকেটে মৃত্যু কারণ হিসেবে ডেঙ্গিতে মৃত্যু না লেখার নির্দেশ দেওয়া হচ্ছে চিকিৎসকদের বলে অভিযোগ করেছেন শুভেন্দু চিঠিতে। ডেঙ্গি সংক্রান্ত তথ্য আড়াল করা হচ্ছে বলে সরব হয়েছেন বিরোধী দলনেতা।
এছাড়া চিঠিতে শুভেন্দু আলাদা করে উল্লেখ করেছেন, ন্যাশনাল হেলথ মিশনে কেন্দ্র সরকার যে টাকা রাজ্যকে দিয়েছিল তা যথাযথভাবে ব্যবহার করা হয়নি। কলকাতা সংলগ্ন এলাকায় পুর কর্মীরা বেশ কয়েক মাস ধরেই যাচ্ছেন না ফলে পরিস্থিতি আরো জটিল হয়েছে। মহামারীর মতোই ডেঙ্গি পরিস্থিতিকেউ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন শুভেন্দু।

