“জঙ্গিরা শিক্ষক হয়ে মাদ্রাসায় ও মৌলবি হয়ে মসজিদে লুকিয়ে আছে, জঙ্গিসনাক্তকরণে দ্রুত রাজ্যে সিএএ দরকার,” বললেন দিলীপ ঘোষ

আমাদের ভারত, ৭ নভেম্বর: ডায়মন্ড হারবারে আল-কায়েদা জঙ্গি ধরা পড়ার ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সোমবার সকালে সাংবাদিদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জঙ্গিরা শিক্ষক হয় মাদ্রাসায় ও মৌলবি হয়ে মসজিদে লুকিয়ে রয়েছে। একই সঙ্গে জঙ্গিদের সনাক্ত করতে রাজ্যে তাড়াতাড়ি সিএএ চালুর দাবি জানিয়েছেন দিলীপ বাবু।

বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, হাওড়া, মালদা, উত্তরবঙ্গের আরো কয়েকটা জেলা, নদীয়া মুর্শিদাবাদ জঙ্গিদের ঘাঁটি হয়ে গেছে। পুলিশ জানে, কিন্তু পুলিশ হাত দেবে না। কারণ এর সঙ্গে রাজনীতি জুড়ে রয়েছে।‌ সরকার জানে সরকারের ভোটের ব্যাপার রয়েছে। সেজন্য সারা ভারতবর্ষ থেকে সমস্ত জঙ্গি মডিউল এখানে চলে এসেছে। একাধিক জঙ্গি ধরা পড়েছে। বিভিন্ন আইনি বেআইনি মাদ্রাসায় এরা শিক্ষক হিসেবে থাকছে। কোথাও মসজিদের মৌলবি হয়ে থাকছে। সরকার যেহেতু এদের পাশে রয়েছে তাই কেউ গায়ে হাত দিচ্ছে না।

দিলীপ ঘোষের দাবি, ডায়মন্ড হারবার থেকে জঙ্গি গিয়ে অন্য রাজ্যে অপারেশন করছে। ওখান থেকে তারা পালিয়ে আসছে। বাংলাদেশ থেকে ঢুকে এখানে থাকছে এখানে জাল বিস্তার করছে। জঙ্গি নিয়োগ হচ্ছে। এমনটাই গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে। এদের সনাক্ত করতে সবার আগে সিএএ দরকার। তাহলেই তৃণমূলের হয়ে যে বিদেশী শক্তি ভোট করাচ্ছে তারা ধরা পড়ে যাবে।

প্রসঙ্গত উল্লেখ্য, মথুরাপুর থেকে আল-কায়েদার জঙ্গি অভিযোগে বছর ২০-র মনিরুদ্দিন খানকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এসটিএফ। ধৃত ওই যুবক জঙ্গিদের ভুয়ো নথি তৈরি করে দিত বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *