আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৭ নভেম্বর: পকসো আইন প্রয়োগে সমস্যা দূরীকরণে বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধনে পুলিশ, চিকিৎসক, হোমের প্রতিনিধি ও আইনজীবীদের নিয়ে বিশেষ বৈঠক হল জেলা প্রশাসনের উদ্যোগে।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছেন যে, ছোট ছোট ছেলেমেয়েদের যৌন নির্যাতনের ক্ষেত্রে যে আইন রয়েছে যাকে পকসো আইন বলা হয়। সেই আইন প্রয়োগের জন্য যে সমস্ত দপ্তরগুলি কাজ করছে যেমন, পুলিশ, চিকিৎসক, আইনজীবী সহ অন্যান্যদের মধ্যে সমন্বয় সাধনের জন্য। সেই কারণে এই বিশেষ বৈঠক করা হয় জেলাশাসকের দপ্তরে। এই বৈঠকে পুলিশ, চিকিৎসক, আইনজীবী, বিচারক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) সৌভিক চট্টোপাধ্যায় ও ডিএলএস এর সম্পাদক সমরেশ বেরা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা আইনী সহায়তা কর্তৃপক্ষের সম্পাদক সমরেশ দাস জানান, বিভিন্ন সময় অভিযুক্তদের শাস্তি দিতে সমস্যা তৈরি হয়। বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে সমন্বয় না থাকায় অনেক অভিযুক্ত ছাড় পেয়ে যায়। সেই সমস্ত অপরাধীদের শাস্তি দিতে জেলার পুলিশ, চিকিৎসক, হোম কর্তৃপক্ষ সহ অন্যান্য দপ্তরের প্রতিনিধিদের সমন্বয় ঘটিয়ে যাতে পকসো আইনের সুন্দরভাবে প্রয়োগ করা যায় তার জন্য এই উদ্যোগ। এদিন সকাল ১১ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত টানা বৈঠক হয়।

পূর্ব মেদিনীপুর জেলার অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) শৌভিক চট্টোপাধ্যায় বলেন, পকসো আইন মেনে চলার ক্ষেত্রে বেশকিছু সমস্যার কথা পুলিশ বা অন্যান্য দপ্তরের প্রতিনিধিরা জানিয়েছেন। সেগুলো সমাধান করে সকলের সাথে সমন্বয় ঘটিয়ে যাতে সুন্দরভাবে কাজ করা যায় তার জন্য আজ জেলা প্রশাসনের উদ্যোগে এই বিশেষ বৈঠক করা হয়।

