বিয়ের অনুষ্ঠানের আয়োজনের বদলে সেই টাকা সন্তানদের জন্য সঞ্চয় করুন, নবদম্পতিদের পরামর্শ মোদীর

আমাদের ভারত, ৭ নভেম্বর: আত্মীয়দের চাপে পড়ে বিয়েতে আর্থিক বৈভব দেখানোর প্রয়োজন নেই। যদি অতিরিক্ত টাকা থাকে তবে সেই টাকা সন্তানের ভবিষ্যতের জন্য সঞ্চয় করুন। নব দম্পতিদের
এই পরামর্শই দিলেন দেশের প্রধানমন্ত্রী। এভাবেই রবিবার গুজরাটের ভাবনগরের একটি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিয়ে বিয়ের খরচ কমানোর পক্ষে সওয়াল করেন মোদী।

কয়েকশো নব দম্পতির উদ্দেশ্যে মোদী বলেন, বিয়েতে অতিরিক্ত খরচ না করে সমাজের কল্যাণে যেন সেই টাকা দান করা হয়। একটি প্রতিষ্ঠানের উদ্যোগে গুজরাটের ভাবনগরের জহর ময়দানে “পাপা নি পরি” নামে গণবিবাহ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে ৫৫১ জন যুবতী যারা কিনা পিতৃহারা, তাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, আত্মীয়দের চাপে পড়ে আলাদা করে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করার বদলে সেই টাকা সঞ্চয় করুন নিজের সন্তানদের জন্য।

তিনি আরো বলেন, গুজরাট ধীরে ধীরে গণবিবাহের রীতি গ্রহণ করছে। আগে বিয়ের অনুষ্ঠানে আর্থিক বৈভব দেখানোর জন্য সাধারণ মানুষ ধার দেনা করতেন। কিন্তু বর্তমানে মানুষ সতর্ক হয়েছেন। গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন অনেকেই। প্রধানমন্ত্রী জানান, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও তিনি গণবিবাহের অনুষ্ঠানে যোগ দিতেন। তাঁর কথায়, “এই মহান উদ্যোগকে আমি তখনো সমর্থন করতাম এবং অন্যদের অনুপ্রাণিত করার কথা বলতাম। সেই সময় আমি নবদম্পতিদের যে উপদেশ দিতাম তা আবারও বলছি। অনেক সময় আত্মীয়দের চাপে পড়ে নব দম্পতিরা বিয়ের পরে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করেন। দয়া করে এটা করবেন না। যদি আপনাদের কাছে অতিরিক্ত টাকা থাকে, নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য তা সঞ্চয় করুন।”

নবদম্পতিদের আশীর্বাদ করি প্রধানমন্ত্রী তাদের যথাসম্ভব সমাজের কল্যাণে সাহায্য করার পরামর্শ দেন। খাবার নষ্ট না করে প্লাস্টিকের বর্জ্য থেকে রান্নাঘরের সবজির খোসা পর্যন্ত বর্জ্য আলাদা রাখার জন্য ছোট ছোট কাজ করে সমাজ ও পরিবেশকে রক্ষার কাজে হাত লাগানোর অনুরোধ করেন। ডিসেম্বরেই গুজরাটে বিধানসভা নির্বাচন। তার আগে রাজ্যের একাধিক জায়গায় নির্বাচনী প্রচার করছেন নরেন্দ্র মোদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *